তিন দলের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৫ বলে ৮৩ রান। ৬ চার ও ৫ ছক্কা। চোট কাটিয়ে ফিরেই দুর্দান্ত এক ইনিংস খেললেন মোহাম্মদ মিঠুন। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত নাঈম ইসলাম (১১০ বলে ৯২)। মিঠুন-নাঈমের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ইনিংসের শেষে ঝড় তুললেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা (৩৩ বলে অপরাজিত ৫০)। এই ত্রয়ীর ব্যাটে ভর করেই কাল শেরেবাংলা স্টেডিয়ামে ২৮২ রান করেছে মোহামেডান। এরপর ভিক্টোরিয়াকে ২২১ রানে বেঁধে রেখে ৫৩ রানে জিতেছে দলটি। আলোকস্বল্পতায় আগেভাগেই ম্যাচ শেষ হওয়ায় ফল এসেছে ডি-এল পদ্ধতিতে।
দুই ম্যাচে মোহামেডানের এটা প্রথম জয়। কাল প্রথম জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রিকেট একাডেমিও। দ্বিতীয় রাউন্ড শেষে জয়শূন্য দল মাত্র দুটি—ওল্ড ডিওএইচএস ও কলাবাগান ক্রীড়াচক্র।
শেরেবাংলায় শেষ ১০ ওভারে ১০৫ রান তোলে মোহামেডান। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করা ভিক্টোরিয়ার হয়ে একমাত্র কাপুগেদারাই যা একটু লড়াই করেছেন। প্রথম ম্যাচে অপরাজিত ১৬১ রান করা লঙ্কান ক্রিকেটার কালও পেয়েছেন সেঞ্চুরি। ১০৬ বলে ১০৬ রান করে কাপুগেদারা আউট হয়েছেন দলীয় ১৯৬ রানে।
ফতুল্লায় কলাবাগান একাডেমিকে ২৩১ রানে অলআউট করার পর জয়ের সুবাসই পাচ্ছিল ওল্ড ডিওএইচএস। শেষ ১০ ওভারে দরকার ৪১ রান, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু ডিওএইচএস ১ ওভার হাতে রেখেই অলআউট হয় ২২০ রানে। কলাবাগানের জীবন মেন্ডিসের কাছেই হেরেছে ডিওএইচএস। লঙ্কান এই অলরাউন্ডার ব্যাট হাতে ৬৪ রান করার পর ৪ উইকেট নিয়েছেন, রানআউটও করেছেন একজনকে।
বিকেএসপিতে ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ব্রাদার্সের নাজমুস সাদাত। তাঁর দল ১৪ রানে হেরেছে প্রাইম ব্যাংকের কাছে।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৫০ ওভারে ২৮২/৫ (নাঈম ৯২, মিঠুন ৮৩, পেরেরা ৫০*; কামরুল ২/৫৫, সোহরাওয়ার্দী ২/৬২)। ভিক্টোরিয়া: ৪৬.১ ওভারে ২২১/৯ (কাপুগেদারা ১০৬, মার্শাল ৩৬, নাদিফ ২০; আলাউদ্দিন ৩/২৯, রাহাতুল ৩/৪৪)।
ফল: মোহামেডান ৫৩ রানে জয়ী (ডি/এল)।
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৩৭/৯ (মুনাবীরা ৫৩, ফরহাদ রেজা ৫১*, সাদমান ৪৭, নুরুল ৪০; সিরিবর্দনা ৩/৫১, আসিফ ২/৩০, সাদিকুর ২/৪৭)। ব্রাদার্স: ৪৮.২ ওভারে ২২৩ (নাজমুস ৯১, সিরিবর্দনা ৩৯; ফোরকান ৩/২৬, এনামুল জু. ২/২৪, ফরহাদ রেজা ২/৪২, তাপস বৈশ্য ২/৬০)।
ফল: প্রাইম ব্যাংক ১৪ রানে জয়ী।
কলাবাগান একাডেমি: ৪৯.৩ ওভারে ২৩১ (মেন্ডিস ৬২, মাহমুদুল ৫৪, শরীফ ৩৩*; নেহাদুজ্জামান ৩/৬১, আল আমিন সিদ্দিক ২/২১)। ওল্ড ডিওএইচএস: ৪৯ ওভারে ২২০ (জয়াসুরিয়া ৭৪, শানাজ ৭২; মেন্ডিস ৪/৪৬, শরীফ ২/২৫)।
ফল: কলাবাগান একাডেমি ১১ রানে জয়ী।