তিন দিনে দীপিকাকে দুবার বিয়ে কার্তিকের

হৃদয় কি বাধা মানে? সকল বাধার দেয়াল আর কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ছোটে হৃদয়ের খ্যাপা ঘোড়া। দিনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল সেই ঘোড়াতেই সওয়ার হলেন। ভিন্ন ধর্ম আর ভিন্ন সংস্কৃতির দুটি মানুষ এক হলেন হৃদয়ের একই ছাদের নিচে। প্রণয়ের সম্পর্কটা রূপ দিলেন পরিনয়ে। একটু অন্যভাবে। তিন দিনে বিয়ে করলেন দুবার!
খুলেই বলা যাক। ২০০৭ সালে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কার্তিক বিয়ে করেছিলেন শৈশবের বান্ধবী নিকিতাকে। দুজনের দাম্পত্য জীবনের স্থায়ী হয় পাঁচ বছর। নিকিতা যখন চলে গেছেন জীবনের পেছনের পাতায়, তখন ভারতীয় স্কোয়াশ তারকা দীপিকার সঙ্গে পরিচয় কার্তিকের। দুজনই তখন চেন্নাইয়ে এক জিমে ফিটনেসের কাজ করছিলেন ট্রেনার বসু শংকরের কাছে। দুজনের হৃদয়ে যেহেতু লাগানো ছিল ‘টু-লেট’, মন লেনদেন হতে সময় লাগেনি খুব একটা।

প্রেমের অধ্যায় পেরিয়ে সম্পর্ক গড়াল বিয়েতে। কিন্তু কার্তিক হিন্দু ধর্মাবলম্বী আর দীপিকা খ্রিষ্টান। বিয়ে হবে কোন রীতিতে? দুজন মতৈক্যে পৌঁছালেন, বিয়ে হবে দুই ধর্মের রীতি মেনেই। গত মঙ্গলবার প্রথমে বিয়ে হলো দীপিকার ধর্ম ও সংস্কৃতি মেনে। একদিন পর কার্তিকের তেলেগু-নাইডু রীতিতে। তিন দিনে দুবার বিয়ে। দ্বিতীয় দফায় বিয়েতে দীপিকা সাজলেন উজ্জ্বল হলুদ ও গোলাপি শাড়িতে, কার্তিকের পরনে ছিল ঐতিহ্যবাহী শেরওয়ানি ও পাগড়ি।
বিয়ের পর নব দম্পতি নতুন জীবন উদ্যাপন করলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকনের ‘ইয়ে জাওয়ানি হেয় দেওয়ানি’ ছবির ‘বেতমিজ দিল’ গানের তালে নেচে। গানের কথা যেন ফলে গেল কার্তিকে-দীপিকার জীবনে। ‘বেতমিজ দিল মানে না, মানে না’!
ঠিকই তো, বেয়াড়া এই হৃদয় কিছুতেই যে শাসন-বারণ মানে না! তথ্যসূত্র: এনডিটিভি।