তিন দিনে ৪১৯ রান করতে হবে শ্রীলঙ্কাকে
যাক, বেঙ্গালুরু টেস্ট তাহলে তৃতীয় দিনে গড়াচ্ছে। দিনের প্রথম ২০ মিনিটের মধ্যে শ্রীলঙ্কা ১০৯ রানে অলআউট হয়ে গেছে। ১৪৩ রানের লিড পাওয়া ভারত ইনিংস কখন ঘোষণা করে আর কত দ্রুত ম্যাচ শেষ হয়, সেটা দেখার অপেক্ষাতেই ছিলেন সবাই। কিন্তু ভারত ইনিংসকে টেনে নিয়ে গেছে একদম শেষ আধা ঘণ্টা পর্যন্ত। ৪৪৬ রানের লিড নিয়ে তবেই তৃপ্ত হয়েছে ভারত। এতেই ম্যাচটা দুইদিনে শেষ হওয়ার সম্ভাবনা উড়ে গেছে।
দ্বিতীয় দিনে ১ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে শ্রীলঙ্কা। আগামী তিন দিনে ৯ উইকেটে ৪১৯ রান তুলতে হবে শ্রীলঙ্কাকে।
দিনের শুরুতে অর্থাৎ দুপুরে ৩৫ বলের মধ্যে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। টেস্টের প্রথম দিনের প্রথম দুই সেশন স্পিনাররা দাপট দেখিয়েছেন। আজও সে ধারা বজায় ছিল। একদিকে রবিচন্দ্রন অশ্বিন তাঁর কাজটা করেছেন। আর অন্যদিকে বরাবরের মতো স্বাভাবিক চিন্তাকে বুড়ো আঙুল দেখানো যশপ্রীত বুমরা তো ছিলেনই। আজ নিজের প্রথম ১৪ বলের মধ্যে ২ উইকেট পেয়েছেন। আর তাতে ঘরের মাঠে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়াও হয়ে গেল বুমরার।
ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল ইতিবাচক খেলছিলেন। লাসিথ এম্বুলদেনিয়ার বাড়তি বাঁক সেটা থামিয়ে দিল ৪২ রানে। রোহিত শর্মা ও হনুমা বিহারি এরপর রক্ষণাত্মক হয়ে যান। এতে বেঙ্গালুরুর এই পিচে ১ উইকেটে ৯৮ রানের অবিশ্বাস্য এক স্কোরকার্ডের দেখাও মিলেছিল।
কিন্তু হাজার হলেও উইকেটের চরিত্র তো আর চাইলেই বদলানো যায় না। একটু পরই সেটা ৪ উইকেটে ১৩৯ হয়ে গেল। রোহিতের (৪৬), বিহারির (৩৫) পথ ধরে বিরাট কোহলিও (১৩) যে বিদায় নিয়েছেন। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও অনেক নিচু হয়ে যাওয়া এক বলে এলবিডব্লু কোহলি। নিজের দুর্ভাগ্য দেখে হেসেই ফেলেছেন সাবেক অধিনায়ক।
এরপরই পন্তের রেকর্ড। কোহলি থাকতেই শুরু করেছিলেন, অন্য প্রান্তে ছিলেন ৭ বলে ২০ রানে। এরপর তিনি আগ্রাসন ধরে রেখেছেন। ৭ চার ও ২ ছক্কায় যখন পঞ্চাশ ছুঁয়েছেন, ততক্ষণে বল খেলেছেন মাত্র ২৮টি। আর তাতেই ৪০ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে গেল। ১৯৮২ সালে করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩০ বলে পঞ্চাশ পেরিয়েছিলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছ থেকে টেস্টে ভারতের দ্রুততম অর্ধশতকের রেকর্ড বুঝে নিয়েই অবশ্য আউট পন্ত।
বেশ নাটকীয়ভাবে আউট হয়েছেন পন্ত। প্রবীণ জয়াবিক্রমার ওভারে পঞ্চাশ পেয়েছেন। এক বল ঠেকালেন, কিন্তু পরের বলটি খেলার চেষ্টাই করেননি। খেলার চেষ্টা না করায় এবং বল অনেক বাঁক নেওয়ায় রিভিউ নেয় শ্রীলঙ্কা। একটুর জন্য বেঁচে যান পন্ত। পরের বলেই তেড়েফুঁড়ে মারতে গিয়ে আউট পন্ত। ১৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত।
ষষ্ঠ উইকেটে শ্রেয়াস আইয়ার-রবীন্দ্র জাদেজা জুটি জমে ওঠার পরই প্রথম মনে হলো, এটা স্বাভাবিক কোনো টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের মেজাজে দুজনে মিলে ১০১ বলে ৬৩ রান এনে দিয়েছেন।
বিশ্ব ফার্নান্দো জাদেজার স্টাম্প ওপড়ানোর পরও এক প্রান্ত ধরে এগিয়ে গেছেন আইয়ার। প্রথম ইনিংসে শতক হাতছাড়া করা আইয়ার এবার ৬৭ রানেই থেমেছেন। আইয়ার আউট হওয়ার পরও ইনিংসের সমাপ্তি টানেনি ভারত। অক্ষর প্যাটেল ও মোহাম্মদ শামির ১৬ বলে ২৫ রানের জুটিতে ৩০০ পেরোয় ভারত।
যখন নিশ্চিত হলো, জয়ের জন্য শুধু দিবা–রাত্রির টেস্ট নয়, সব ধরনের টেস্টেরই বিশ্ব রেকর্ড গড়তে হবে, তখনই ইনিংস থামিয়েছেন ভারত অধিনায়ক। দুই বাঁহাতি স্পিনার জয়াবিক্রমা ও এম্বুলদেনিয়া যথাক্রমে ৪ ও ৩ উইকেট পেয়েছেন। টেস্টে নিজের শেষ ইনিংসে কোনো উইকেট পাননি পেসার সুরঙ্গা লাকমল।
৪৪৭ রানের লক্ষ্যে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। যশপ্রীত বুমরা রাউন্ড দ্য উইকেট থেকে বল করতে এসে লাহিরু থিরিমান্নেকে তৃতীয় বলেই এলবিডব্লু করেছেন। দিনের বাকি ৩৯ বলে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান তুলেছে সফরকারীরা।