ফ্রাঙ্ক ওরেল ট্রফিটা ধরে রাখার জন্য অস্ট্রেলিয়ার মিশন শুরু হয়েছিল গত বুধবার সকালে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই নিশ্চিত হয়ে গেল ট্রফিটা অস্ট্রেলিয়ার কাছেই থাকছে। সময়ের ব্যবধান মাত্র তিন দিন! তৃতীয় দিন মারলন স্যামুয়েলস ও শেন ডাওরিচের দুর্দান্ত প্রতিরোধেও লাভ হলো না। দ্বিতীয় ইনিংসে এ দুজন আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবিয়ানরা ২১৬ রানে গুটিয়ে যাওয়ার পর ৪৭ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে অস্ট্রেলিয়ার লাগল মাত্র ৫ ওভার, হারাতে হলো শুধু ডেভিড ওয়ার্নারের উইকেটটা। জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্টের ফল যা-ই হোক, ফ্রাঙ্ক ওরেল ট্রফি এবার আর উদ্ধার করার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের।
১৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে হারিয়েছিল ২ উইকেট। শুক্রবার তৃতীয় দিনে ভালোই লড়াই করছিলেন স্যামুয়েলস ও ডাওরিচ, চতুর্থ উইকেটে গড়ে তুলেছিলেন ১৪৪ রানের জুটি। ১১ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন ম্যাচে ফেরার অপেক্ষায়, অভিষিক্ত ডওরিচ ফিরে যান জশ হ্যাজলউডের বলে শেন ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের ধসের শুরুও সেখান থেকেই। ৩ উইকেটে ১৮১ থেকে মিচেল স্টার্ক, মিচেল জনসন আর হ্যাজলউডদের তোপে পরের ৩৫ রান যোগ করতেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা! মিলিতভাবে এ টেস্টে ১৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসাররা, গত ৪২ বছরে ওয়েস্ট ইন্ডিজের মাঠে যেটি অস্ট্রেলিয়ান পেসারদের সেরা পারফরম্যান্স। এর আগে ১৯৭৩ সালে গায়ানা টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন তিন অস্ট্রেলিয়ান পেসার জেফ হ্যামন্ড-ডগ ওয়াল্টার্স ও ম্যাক্স ওয়াকার।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেওয়ার কৃতিত্বটা পেসারদের হলেও ম্যাচসেরার পুরস্কারটা কিন্তু গেছে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়া অ্যাডাম ভোজেসের হাতে। স্বপ্নের মতো অভিষেকে দারুণ উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, ‘অসাধারণ তিনটা দিন কাটল। প্রথমে টেস্ট অভিষেক হওয়া, তারপর দল চাপে থাকার সময়ে সেঞ্চুরি করা, আমি খুবই আনন্দিত। শেষের ব্যাটসম্যানরা আমাকে সঙ্গ দিয়ে গেছেন, এ জন্য তাদেরও ধন্যবাদ।’ মুগ্ধ অধিনায়ক মাইকেল ক্লার্কও, ‘গত কয়েক বছর সে ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে। এ সুযোগটা ওর পাওনাই ছিল। দেখে খুব ভালো লাগছে যে ভোজেস সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে।’
ভোজেসের স্মরণীয় অভিষেক, পেসারদের দাপটের মধ্যে এ টেস্টে একটা অর্জন আছে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নেরও। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক দিনেশ রামদিনকে আউট করে ১৪১তম টেস্ট উইকেট পেয়েছেন লায়ন, ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে সফল অফ স্পিনার হিউ ট্রাম্বলকে।
১১ জুন থেকে জ্যামাইকায় শুরু দ্বিতীয় টেস্টেই ট্রাম্বলকে পেছনে ফেলে কৃতিত্বটা শুধুই নিজের করে নিতে পারেন লায়ন। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৮ (হোপ ৩৬, হোল্ডার ২১, ব্রাভো ১৯, রামদিন ১৯; হ্যাজলউড ৩/৩৩, জনসন ৩/৩৪) ও ৮৬ ওভারে ২১৬ (স্যামুয়েলস ৭৪, ডাওরিচ ৭০; স্টার্ক ৪/২৮, হ্যাজলউড ২/১৭, জনসন ২/৩৮, লায়ন ২/৬৭)।
অস্ট্রেলিয়া: ৩১৮ (ভোজেস ১৩০*, হ্যাজলউড ৩৯, স্মিথ ২৫; বিশু ৬/৮০) ও ৫ ওভারে ৪৭ (ওয়ার্নার ২৮, মার্শ ১৩*, স্মিথ ৫*; টেলর ১/২২)।
ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেট জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম ভোজেস।