তিন দিনেই ইনিংসে হার শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি কি প্রতিযোগিতায় নেমেছিলেন: ‘তুমি যা পারো, আমি তা আরও ভালো পারি?’
অন্তত অ্যাঞ্জেলো ম্যাথুসের সেটি মনে হতেই পারে। কাল জোহানেসবার্গে দুই ইনিংসে দুবার আউট হয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক, ডি কক ও ডু প্লেসির ক্যাচ হয়ে।
দিনের শুরুতে রাবাদার বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে, প্রায় প্রথম স্লিপে লাফিয়ে সেটি ধরেন উইকেটকিপার ডি কক। আর দিনের শেষ ভাগে ম্যাথুস ক্যাচ হলেন ডু প্লেসির, এবারেরটি তো অনেক দিন চোখে লেগে থাকার মতো! ডুয়ান অলিভিয়েরের অফ স্টাম্পের বাইরের বল লাগে ম্যাথুসের ব্যাটের ওপরের কানায়। মনে হচ্ছিল, স্লিপে থাকা খেলোয়াড়দের মাথার ওপর দিয়েই চলে যাবে, তখনই বাজপাখির মতো আবির্ভাব দ্বিতীয় স্লিপে থাকা ডু প্লেসির! পেছন ফিরে এক হাতে ছোঁ মেরে নিলেন দুর্দান্ত ক্যাচ!
‘অ্যাকশন অব দ্য ডে’ বললে এ দুটিই চোখে ভাসবে। আর বাকি দিনটাতে যে বলার মতো তেমন কিছুই নেই। পেসবান্ধব পিচে দক্ষিণ আফ্রিকান বোলাররা তুলেছেন ঝড়, ফিল্ডাররা নিয়েছেন দুর্দান্ত কিছু ক্যাচ, তাতেই কম্পমান শ্রীলঙ্কা। যার শেষ তৃতীয় দিনেই টেস্টে ইনিংস ও ১১৮ রানের হার মেনে। তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা।
পুরো দিনে বল হলো ৫৯.৩ ওভার। তাতে প্রোটিয়া বোলাররা টপাটপ তুলে নিলেন ১৬ উইকেট। আগের দিন ৪ উইকেটে ৮০ রানের সঙ্গে আজ প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যোগ করতে পেরেছে আর মাত্র ৫১ রান, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে তখনো ২৯৫ রানে পিছিয়ে। ফলাফল ফলোঅন! দ্বিতীয় ইনিংসে দুটি ‘উন্নতি’ অবশ্য হয়েছে। প্রথম ইনিংসের চেয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে রান করেছে ৪৬টি বেশি। আর ওপেনার দিমুথ করুনারত্নের ফিফটি নিশ্চিত করল, সিরিজের দ্বিতীয় টেস্টের মতো এবার আর ফিফটিশূন্য থাকছে না শ্রীলঙ্কা।
তবে এই ‘উন্নতি’ ইনিংস ব্যবধানে হার ও সিরিজে হোয়াইটওয়াশ ঠেকানোর সম্ভাবনাটুকু তৈরি করতে পারলে তো! ক্রিকইনফো।