তিন দিনেই ঢাকার এমন জয়!

তিন দিনে ৯ সেঞ্চুরি! শুনে মনে হতে পারে জাতীয় লিগের প্রথম পর্বটা রানবন্যায় ভেসে যাচ্ছে। এক দিক দিয়ে কথাটা ঠিক। কিন্তু এই প্রথম পর্বেই যে আবার ৯৯ রানে অলআউট হওয়ার মতো ঘটনাও ঘটেছে!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল তিন দিনেই ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে ঢাকা বিভাগ এবং সেটি বরিশালকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানে শেষ করে দিয়ে। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। ফলাফল দেখতে পাচ্ছে অন্য ম্যাচগুলোও। বিকেএসপি-২ নম্বর মাঠে খুলনার ৮ উইকেটে ৫৩৬ রানের জবাবে ১৮৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ধুঁকছে সিলেট। দিন শেষে করেছে ৭ উইকেটে ১৩৭ রানে। বিকেএসপির অন্য মাঠে জয়ের সুবাস পাচ্ছে ঢাকা মহানগরও। রাজশাহীর সামনে তারা লক্ষ্য দিয়েছিল ৪৬০ রানের। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১০১ করতে পেরেছে রাজশাহী। ফতুল্লা স্টেডিয়ামে হারের শঙ্কায় চট্টগ্রামও। কাল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫৭ রান তুলেই ইনিংস ঘোষণা করে চট্টগ্রামকে ৩২০ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাবে ৮৩ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।
ঢাকা-বরিশাল
প্রথম ইনিংসের চেয়েও খারাপ করল বরিশালের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে তো তবু সবাই মিলে ১৩৯ রান করেছিল, শুভাগত হোমের অফ স্পিনের সামনে পড়ে দ্বিতীয় ইনিংসে চা-বিরতির মিনিট দশেক আগেই অলআউট এক শর ১ রান দূরেই। ২২ রানে ৬ উইকেট নিয়েছেন শুভাগত। শাহরিয়ার আর নুরুজ্জামানকে পর পর ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের

সম্ভাবনাও। সকালে আগের দিনের ৫৯১ রানের সঙ্গে ৬০ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দেয় ঢাকা। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা তাইবুর রহমান অবশ্য এর মধ্যেই পেয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি (১০৬*)।
খুলনা-সিলেট
৪ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সিলেট। তার সঙ্গে কাল আর ৯৮ রান যোগ করতেই খুইয়েছে বাকি ৬ উইকেট। প্রথম ইনিংসে ১৮৪ রানে অলআউট সিলেট দ্বিতীয় ইনিংসেও পারেনি সোজা হয়ে দাঁড়াতে। ৫০ রানেই ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে অলক কাপালি আর নাজমুল মিলন ৩৮ রান যোগ করলেও ১১০ রানের মধ্যে পড়েছে আরও ৩ উইকেট। খুলনাকে আরেকবার ব্যাটিংয়ে নামাতে বাকি ৩ উইকেটে সিলেটকে করতে হবে ২১৬।
ঢাকা মহানগর-রাজশাহী
১২০ রানে ৬ উইকেট নিয়েছেন রাজশাহীর স্পিনার সাকলাইন সজীব। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর দুর্দান্ত এই বোলিংটা সম্ভবত বৃথাই হতে চলেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে মেহরাব হোসেন জুনিয়রের ১৪তম সেঞ্চুরির সুবাদে ঢাকা মহানগর দ্বিতীয় ইনিংসে করেছে ৩৭৫, তাতে রাজশাহীর সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৬০। জয় দূরের কথা, রাজশাহীর জন্য এখন ম্যাচ বাঁচানোই কঠিন কাজ। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১০১ রান, অর্থাৎ ম্যাচ জিততে হলে বাকি ৪ উইকেটে তাদের করতে হবে আরও ৩৫৯! ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ব্যবধানটা বাড়িয়ে দিয়েছেন ঢাকা মহানগরের মেহরাবই (১০৮)। আসিফ আহমেদের (৬৬) সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২০ এবং নবম উইকেটে শহীদের (৪৪) সঙ্গেও গড়েছেন ৫৫ রানের জুটি।
রংপুর-চট্টগ্রাম
প্রথম ইনিংসে লিড ছিল ১৬২ রানের। সেটির সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২৫৭ যোগ করেই রংপুর অধিনায়ক সাজেদুল ইসলাম মনে করলেন জেতার মতো রান হয়ে গেছে। ঘটেছেও তাই। কাল চা-বিরতির পর ৪১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮৩ রানেই ৩ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। এর আগে রংপুর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৯ ওভারেই ২৫৭ রান করতে পেরেছে মূলত ওপেনার লিটন দাসের সেঞ্চুরির কল্যাণে। ১০৯ বলে সেঞ্চুরি, ফয়সাল হোসেনের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৪২ বলে করে গেছেন ১৫০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের এটি দ্বিতীয় সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর: ৩০২ ও ৯২.৫ ওভারে ৩৭৫ (মেহরাব জুনিয়র ১০৮, আসিফ ৬৬, মেহেদী ৪৬, সৈকত ৪৬, শহীদ ৪৪, জাবিদ ২১; সাকলাইন ৬/১২০, দেলোয়ার ২/৬১, সানজামুল ২/১০৯)।
রাজশাহী: ২১৮ ও ২৩ ওভারে ১০১/৬ (ফরহাদ ব্যাটিং ৪৪, মুক্তার ব্যাটিং ২৪; সৈকত ৪/৩৪, ইলিয়াস ২/২২)।
রংপুর: ২৬৯ ও ৪৯ ওভারে ২৫৭/৫ ডি. (লিটন ১৫০, তারিক ৪৩, নাঈম ২৩*, আরিফ ২০; ফয়সাল ২/৫১, নূর হোসেন ১/২৭, মনিরুজ্জামান ১/৩৯, আলাউদ্দিন ১/৫৩)।
চট্টগ্রাম: ১০৭ ও ৩৭ ওভারে ৮৩/৩ (মাহবুবুল ৩২; সোহরাওয়ার্দী ১/১৫, সাজেদুল ১/২৫, শুভাশিস ১/২৯)।
খুলনা ১ম ইনিংস: ৫৩৬/৮ ডি.।
সিলেট ১ম ইনিংস: ৬০.২ ওভারে ১৮৪ (সায়েম ৪৪, নাজমুল ৩২, অলক ৩০, এনামুল ২৩; মুরাদ ৩/২৭, রবিউল ২/৭, ডলার ২/৫২, রাজ্জাক ২/৬০, রাসেল ১/৩১)।
২য় ইনিংস: ৪৯ ওভারে ১৩৭/৭ (নাজমুল ২৪, আনোয়ার ব্যাটিং ২২, ইমতিয়াজ ২১; রাজ্জাক ৪/৪৯, রাসেল ১/১৪, জিয়া ১/১৮, মুরাদ ১/৪৩)।
বরিশাল: ১৩৯ ও ২৯.৪ ওভারে ৯৯ (আল-আমিন ৩৬*, শাহরিয়ার ২২, ফজলে রাব্বি ২০; শুভাগত ৬/২২, শাহাদাত ৩/৪০, নাজমুল ১/১৬)।
ঢাকা ১ম ইনিংস: ১৪৩ ওভারে ৬৫১/৫ ডি. (রনি ২২৭, রকিবুল ১৪৫, তাইবুর ১০৬*, মজিদ ৭৬, শুভাগত ৪০, নাদিফ ২৭; নাসুম ২/১৫৩, আল আমিন ১/৭৯, ফরিদউদ্দিন ১/৯৯, কামরুল ১/১৪১)।
ফল: ঢাকা ইনিংস ও ৪১৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রনি তালুকদার।
