যাক, বিরাট কোহলি এবার নির্ভার হয়ে জন্মদিনের উদ্যাপনটা করতে পারবেন। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট, এবারের উপলক্ষটা একটু বিশেষই ছিল। মাত্র তিন দিনেই দক্ষিণ আফ্রিকাকে ১০৮ রানে হারিয়ে উদ্যাপনের সময়টা একটু বেশিই পাচ্ছেন।
অবশ্য ভারতে টেস্ট ম্যাচের সাম্প্রতিক যে ধারা, তাতে সামনের টেস্টেও শেষ দুই দিনে কোহলিরা বাড়ি ফেরার টিকিট কেটে রাখতে পারেন। দেশের মাটিতে গত চার টেস্টই তিন দিনে জিতে গেছে ভারত। মোহালিতেও প্রথম দিনেই বোঝা গিয়েছিল, এই টেস্ট পাঁচ দিন গড়ানোটা দুরাশা। কিন্তু গতকালই ম্যাচ শেষে পিঠ চাপড়াচাপড়ি শুরু হয়ে যাবে, সেটি কে ভেবেছিল! সেটিও হয়েছে অনেক নাটকের পর।
সকালের শুরুটাও এই আভাস দেয়নি। পূজারা-কোহলিরা আগের দিনের ৩০ রানের জুটিটা ৬৬ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ভারতের লিড হয়ে গেছে তখন ১৭৮। হাশিম আমলার কপালে বড় ভাঁজ, দক্ষিণ আফ্রিকার বোলাররা হাপিত্যেশ করে মরছেন। ভোজবাজির মতোই বদলে গেল সেই চিত্র। ১৬১ থেকে ১৬৪—৩ রানের মধ্যে নেই ভারতের ৩ উইকেট! হঠাৎ করেই দুই স্পিনার সাইমন হার্মার-ইমরান তাহির হয়ে গেলেন দুর্বোধ্য। একের এক উইকেট পড়তে পড়তে ২ উইকেটে ১৬১ থেকে ভারত অলআউট ২০০ রানে! তাহির ও হার্মার নিলেন ৪টি করে উইকেট।
তার পরও ২১৮ রানের লক্ষ্যটা চতুর্থ ইনিংসের জন্য যথেষ্টই বড়। মোহালির স্পিন-মৃগয়ায় তো বটেই। দক্ষিণ আফ্রিকাও শুরুতে চমকে দিল, দ্রুত রান তোলার জন্য পাঠিয়ে দিল ভারনন ফিল্যান্ডারকে। ফাটকাটা অবশ্য কাজে লাগেনি, ফিল্যান্ডার ফিরে গেছেন ১ রান করে। বাকিরাও ফিল্যান্ডারকেই অনুসরণ করেছেন নিপুণভাবে, এক স্টিয়ান ফন জিল ছাড়া বাকিরা কেউই খুব বেশি সময় থাকেননি। ৬০ রানেই ৬ উইকেট পড়ে যাওয়ার পর হার্মারের সঙ্গে তাঁর ৪২ রানের জুটিটাই হয়ে থাকল সর্বোচ্চ। ফন জিলের ৩৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ এলগার ও ডি ভিলিয়ার্সের ১৬ রান!
এবারও যথারীতি সংহারমূর্তিতে স্পিনাররা, শুধু ভূমিকাটা পাল্টাপাল্টি হয়ে গেল। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে মূল হন্তারক ছিলেন অশ্বিন, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তা রবীন্দ্র জাদেজা। আর প্রথম ইনিংসে জাদেজার ৩ উইকেট এবার লেখা হলো অশ্বিনের নামের পাশে। অমিত মিশ্রর উইকেট ১টি, তবে ডি ভিলিয়ার্সের উইকেটটার মূল্য তো অনেক বেশিই। ৩৯.৫ ওভারেই ১০৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, ম্যাচটা অবশ্য তারা হেরে গেছে আরও আগেই!
বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।