তিন দিনের নয়, দুই দিনের প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পার করছে কঠিন সময়। আর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) আপাতস্থবিরতায় অনেক প্রশ্নই তৈরি হয়েছিল আগামী মাসে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টকে ঘিরে। তবে বাংলাদেশের আলোচিত ভারত সফরের পূর্ণাঙ্গ সূচি কাল প্রকাশ হওয়ায় দূর হয়েছে সংশয়।
প্রথমে জানা গিয়েছিল টেস্টের আগে বাংলাদেশ খেলবে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ঘোষিত সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচটি হচ্ছে দুই দিনের। ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ রওনা দেবে ২ ফেব্রুয়ারি। ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুশীলন কিংবা বিশ্রাম। হায়দরাবাদের উপকণ্ঠ সেকান্দ্রাবাদের জিমখানা মাঠে ৫ ও ৬ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট।
নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা আপাতত ছুটিতে। ভারত টেস্টের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অনুশীলন করবেন তাঁরা। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বাংলাদেশেই আছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বাকি কোচিং স্টাফ ছুটি কাটিয়ে চলে আসবেন ৩০ জানুয়ারি।