তিন দিনের ম্যাচে সামনে কর্ণাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি লক্ষ্যের একটি পূরণ হয়নি। আরেকটি পূরণের উপলক্ষ শুরু হবে আজ। মহীশূরে প্রথম তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল আজ থেকে মুখোমুখি হবে রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে।
বাংলাদেশ ‘এ’ দল চেয়েছিল ভারত সফরেও ওয়ানডেতে সাম্প্রতিক জয়ের অভ্যাসটা ধরে রাখতে। কিন্তু সীমিত ওভারের ম্যাচের সিরিজে উল্টো ভারত ‘এ’র কাছে হারতে হলো ২-১ ব্যবধানে। আজ যখন সফরের শেষ পর্ব শুরু হবে, বাংলাদেশ ‘এ’ দলের চিন্তা-চেতনা জুড়ে থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন দুই টেস্টের সিরিজ। সফরের দুটি তিন দিনের ম্যাচকেই যে ধরা হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ প্রস্তুতির সুযোগ হিসেবে!
কর্ণাটকের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচ খেলতে সোয়া তিন ঘণ্টার সড়কপথ পাড়ি দিয়ে কাল দুপুরের মধ্যেই মহীশূর পৌঁছে গেছে ‘এ’ দল। তার আগে পরশু বেঙ্গালুরুর শেষ ম্যাচের পর অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘কর্ণাটক এবং ভারত “এ” দলের সঙ্গে দুটি তিন দিনের ম্যাচ আছে। এই ম্যাচগুলোকে আমরা অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছি। তার আগে এখানেই ভুলত্রুটিগুলো শুধরে নিতে হবে।’
এক দিনের ম্যাচের সিরিজ শেষে মাত্র এক দিনের বিরতি দিয়েই শুরু হয়ে যাচ্ছে প্রথম তিন দিনের ম্যাচ। বিরতির সেই এক দিনের অনেকটা সময় আবার চলে গেল বেঙ্গালুরু থেকে মহীশূরের পথে। তারপরও মহীশূর পৌঁছে ঘণ্টা দেড়েকের মতো অনুশীলন করেছে মুমিনুলের দল। মুঠোফোনে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন, ‘এত দিন ছেলেরা খেলেছে সাদা বলে। আর তিন দিনের ম্যাচ হবে লাল বলে। কাজেই অন্তত এক বেলা অনুশীলন না করে উপায় ছিল না।’ জানা গেছে, প্রথম তিন দিনের ম্যাচে দলের বাইরে থাকতে পারেন এনামুল হক, সাব্বির রহমান, আরাফাত সানি ও কামরুল ইসলাম।