৫০ ওভারের ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকা সফরে তিন দিনের ম্যাচের প্রথম দিনটাও খুব একটা ভালো কাটেনি বাংলাদেশ ‘এ’ দলের। আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে কাল নর্দার্ন টাইটানস প্রথম দিন শেষে রান করেছে ৬ উইকেটে ২৭৩। বৃষ্টির কারণে ৫৮ ওভার হওয়ার পরই বন্ধ হয়ে গেছে দিনের খেলা।
ওভারে পাঁচের কাছাকাছি করে রান দিয়ে ‘এ’ দলের বোলাররা। ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার কাল রাতে মুঠোফোনে জানালেন, ‘লাইন-লেংথ একটু এদিক-সেদিক হলেই ওদের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক হয়ে উঠছে। তার পরও সবুজ উইকেটে আমাদের বোলাররা ভালো বল করেছে। রাব্বী (কামরুল ইসলাম) তো খুবই ভালো করেছে।’
কামরুল ও আবু জায়েদ ২টি করে উইকেট নিয়েছেন। জুবায়ের হোসেন ও মোহাম্মদ শহীদ নিয়েছেন একটি করে উইকেট।
তিন দিনের ম্যাচ শেষে ২৭ ও ২৯ অক্টোবর বাংলাদেশ ‘এ’ দল সফরের শেষ দুটি সীমিত ওভারের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল টাইটানসের বিপক্ষে। অবাক হওয়ার কিছু নেই। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী সফরের দুটি সীমিত ওভারের ম্যাচ ও একমাত্র তিন দিনের ম্যাচের প্রতিপক্ষ হওয়ার কথা আইরিন ভিলেজার্স ক্লাবের। অন্য সীমিত ওভারের ম্যাচের প্রতিপক্ষ ছিল গোটেং স্ট্রাইকার্স। ভুল ভাঙে সফরের প্রথম ম্যাচেই। আইরিন ভিলেজার্স ক্লাব নয়, ওই ম্যাচ এবং কাল থেকে শুরু তিন দিনের ম্যাচেও বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষের নাম নর্দার্ন টাইটানস।