তিন দেশের ওয়ানডে দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে আমিরাত যাচ্ছে পাকিস্তান, ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড যাবে শ্রীলঙ্কায়। গত দুই দিনে এসব সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ

কুকেই আস্থা ইংল্যান্ডের
২০১৫ বিশ্বকাপে অ্যালিস্টার কুকই থাকছেন ইংল্যান্ডের অধিনায়ক। কাল শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করতে গিয়ে ইংল্যান্ডের নির্বাচক জেমস হুইটেকার অধিনায়ক হিসেবেই কুকের বিশ্বকাপে যাওয়াটা নিশ্চিত করে দিয়েছেন। ঘোষণা করা হলো আসন্ন নভেম্বর-ডিসেম্বরের শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলও। বিশ্বকাপ প্রস্তুতির সাত ম্যাচের এই সিরিজের ১৬ সদস্যের দলে জায়গা হয়নি গ্যারি ব্যালান্সের, নেই হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে থাকা স্টুয়ার্ট ব্রডও।

ইউনুস বাদ
গত শ্রীলঙ্কা সফর দিয়ে ১৭ মাস পর পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছিলেন ইউনুস খান। ইউনুস সিরিজে খেলেছিলেন একটি ওয়ানডে, করেছিলেন মাত্র ৩ রান। এরপর ভাইপোর মৃত্যুতে দেশে ফিরে যান। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে রাখেনি পাকিস্তান। নিষিদ্ধ অফ স্পিনার সাঈদ আজমলের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার রাজা হাসানকে। ওয়ানডে দল থেকে অবসর নেওয়ার গুঞ্জন উসকে দিয়ে কালই ইউনুস জানিয়েছেন, আজ (শুক্রবার) গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত ঘোষণা করবেন তিনি।

ফিরলেন টেলর–স্যামুয়েলস
চোটের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা জেরোম টেলর টেস্টে ফিরেছেন জুনে নিউজিল্যান্ডের সিরিজ দিয়ে। এবার ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলেও।  আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন মারলন স্যামুয়েলস ও ডোয়াইন স্মিথও। চোটের কারণে ক্রিস গেইল নেই। ক্রিকইনফো।