তিন বছর পর ওয়ার্নার

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেই তিন সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার! টেস্টে ফর্মের তুঙ্গে থাকলেও ওয়ানডেতে কেন যেন ইনিংসগুলো বড় করতে পারছিলেন না মারকুটে এ ওপেনার। প্রায় তিন বছর ওয়ানডেতে সেঞ্চুরি নেই! অবশেষে সেঞ্চুরি-খরা ঘোচালেন ওয়ার্নার। ২৯ ইনিংস পর সিডনিতে আজ ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জেতালেন ৩ উইকেটে।
ইংল্যান্ডের দেওয়া ২৩৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩২ রানেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৭১ রানে ক্রিস জর্ডানের বলে ১৬ রান করা শেন ওয়াটসন ফিরলেও অস্ট্রেলিয়ার খুব একটা অসুবিধা হয়নি। কারণ, উইকেটে ছিলেন ওয়ার্নার। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ-ওয়ার্নার জুটি যোগ করে ৮৭ রান। মঈন আলীর বলে স্মিথ ফেরেন ৩৭ রানে। ওয়ার্নার-জর্জ বেইলির চতুর্থ উইকেটে আসে ৪১ রান। এরপর হঠাৎই ছন্দপতন! ৩ উইকেটে ১৯৯ থেকে ৭ উইকেটে ২৩৩ - ৩৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে লক্ষ্যটা খুব বড় না হওয়ায় তেমন সমস্যায় পড়তে হয়নি বেইলির দলের। ৬১ বল বাকি থাকতেই পৌঁছে যায় লক্ষ্যে। ইংলিশদের পক্ষে ক্রিস ওকস পেয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।
অস্ট্রেলিয়ার ইনিংসে অর্ধেকের বেশি রান জোগান দিয়েছেন ওয়ার্নার একাই। ১১৫ বলে খেলেছেন ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ছয়ের মার না থাকলেও ইনিংসটা সাজিয়েছিলেন ১৮ চারে। টেস্টের পরও ওয়ানডেতেও এসসিজিতে টানা সেঞ্চুরি করে ফিল হিউজকে ভালোভাবেই স্মরণ করলেন ওয়ার্নার। ২০১২ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই শতক-এরপর ওয়ানডেতে আর সেঞ্চুরি নেই! অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলীয় বাঁ-হাতি ওপেনার। টেস্টে ৬৮ ইনিংসে যেখানে ১২ সেঞ্চুরি, সেখানে ওয়ানডেতে ৫০ ইনিংসে সেঞ্চুরি তিনটি!
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ৬৯ রানেই ৫ উইকেট নেই ইংল্যান্ডের। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই স্বরূপে ফেরেন এউইন মরগান। ২০ ইনিংস পর সেঞ্চুরি পেলেন মরগান। অধিনায়কের শতকের সৌজন্যে ভদ্রস্থ হয় ইংল্যান্ডের ইনিংস। মিচেল স্টার্কের বলে ফেরার আগে মরগানের সংগ্রহ ১২১ রান। স্টার্ক পেয়েছেন অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি।