তিন বছর পর ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

>
- ডি ভিলিয়ার্সের অপরাজিত ১২৬ রানে প্রথম ইনিংসে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
- তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৮০ রান অস্ট্রেলিয়ার।
- ৫ উইকেট হাতে রেখে ৪১ রানে এগিয়ে সফরকারীরা।
প্যাট কামিন্সের বলটা খুব একটা খারাপ ছিল না। একটু শর্ট লেংথের বল, সেটাই গ্লাইড করে দিলেন স্লিপের ওপর দিয়ে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন কামিন্স, ওদিকে সেঞ্চুরির আনন্দে দু হাত উঁচু করছেন এবি ডি ভিলিয়ার্স। ৩ বছর পর টেস্টে সেঞ্চুরি করেছেন, ডি ভিলিয়ার্স স্টাইলে অমন শট না খেললে হয়তো বা মুহূর্তটার সঙ্গে যেতও না!
তিন বছরের অপেক্ষাটা দীর্ঘ হতে পারে কিন্তু সেঞ্চুরি পেতে কাউকে অপেক্ষায় রাখেননি। যে উইকেটে অন্যদের রান তোলার কাজটা বেশ কঠিন বলে ঠেকছিল, সেখানেই ১১৭ তম বলেই সেঞ্চুরি করে ব্যাট উঁচু করেছেন ডি ভিলিয়ার্স। কেমন দুর্দান্ত খেলেছেন সেটা বোঝাতে দুটো শটের বর্ণনা দেওয়া যাক। জশ হ্যাজলউড অফ স্ট্যাম্পে বল পিচ করেছিলেন। সিম মুভমেন্টে সে বল যাচ্ছিল মিডল স্টাম্পের দিকে। অন্য কোনো দিনে, অন্য কোনো ব্যাটসম্যানের বিপক্ষে নিশ্চিত এলবিডব্লু পেতেন হ্যাজলউড। ডি ভিলিয়ার্স কবজির হালকা একটু নাড়িয়েই বলটা বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন।
দ্বিতীয় উদাহরণও হ্যাজলউডের বলের। অফ স্টাম্পের বাইরে ‘করিডর অব আনসার্টেনিটি’তে বল। সে বল দুই স্লিপ ও গালির মাঝ দিয়ে পাঠিয়ে দিলেন ডি ভিলিয়ার্স, চার! হতাশায় আরেকবার মাথা নাড়লেন হ্যাজলউড। কিন্তু সে হতাশা, ওখানে ফিল্ডার থাকলে ক্যাচ হওয়ার নয়! বুদ্ধিমান ডি ভিলিয়ার্স যে বলটাকে মাটিতে ড্রপ করেই স্লিপের মাঝখান দিয়ে পাঠিয়েছেন।
এমনই সব বুদ্ধিদীপ্ত শটে ১২৬ রানের ইনিংসটি গড়েছেন ডি ভিলিয়ার্স। ২০টি চার ও এক ছক্কার ইনিংস গড়তে মাত্র ১৪৬টি বল দরকার হয়েছে তাঁর। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন, সিরিজে অস্ট্রেলিয়ান বোলারদের কাছে এখনো উইকেট দেননি। ‘মিস্টার থ্রি সিক্সটি’র এমন ব্যাটিং সাহস জুগিয়েছে টেল এন্ডারদেরও। অষ্টম উইকেট জুটিতে ফিল্যান্ডারকে নিয়ে ৮৪ রান এনে দিয়েছেন। নবম উইকেটেও ৫৮ রান এসেছে। এর মাঝে ৩০ রানই কেশব মহারাজের। ১৩৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
এত বড় লিড কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়েছিলেন কাগিসো রাবাদা। ডেভিড ওয়ার্নারকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। দশম ওভারে আউট হওয়ার আগ পর্যন্ত এক মুহূর্ত ওয়ার্নারকে স্বস্তিতে ব্যাট করতে দেননি রাবাদা। লুঙ্গি এনডিডি ও মহারাজরাও যোগ দিলেন রাবাদার সঙ্গে। ৮৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
উসমান খাজা ও মিচেল মার্শ এরপর দলের হাল ধরেন। রাবাদা-ফিল্যান্ডারদের সামলে তৃতীয় দিনটা যখন এ দুজন কাটিয়ে দেবেন বলেই মনে হচ্ছে, তখনই রাবাদার ধাক্কা। রাউন্ড দ্য উইকেট থেকে দারুণ এক বলে এলবিডব্লু করে দিলেন খাজাকে (৭৫)। ৮৭ রানেই থামল পঞ্চম উইকেট জুটি।