তিন বছর পর মনে হলো, তাঁরও কিছু বলা উচিত!

ব্যাপারটা যেন অনেকটাই তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরির মতো। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেতে শচীন টেন্ডুলকার সময় নিয়েছিলেন পাঁচ বছর। ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে তিনি ঘুচিয়েছিলেন বিরাট এক রহস্য। ভারতের রাজ্যসভার সদস্য হয়েও ‘লিটল মাস্টার’ যেন হাঁটলেন সেই পথেই। তিন বছর নীরব থাকার পর রাজ্যসভায় এই প্রথমবারের মতো কথা বললেন তিনি।
২০১২ সালের জুন মাসে তিনি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার দেশ ভারতের উচ্চকক্ষের সদস্য হয়েছিলেন। গত তিন বছর তিনি রাজ্যসভায় কোনো বিষয় নিয়েই কথা বলেননি।
ব্যাপারটা অনেকেই রাজনীতির প্রতি তাঁর এক ধরনের অনীহা হিসেবে ধরে নিচ্ছিলেন। কিন্তু তা-ই যদি হবেন, পদটাতে আছেনই বা কেন? অবশেষে গত শুক্রবার প্রথমবারের মতো রাজ্যসভায় দাঁড়িয়ে মুম্বাই নগরের গণপরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন।
রেল মন্ত্রণালয় বরাবর করা সেই প্রশ্নে টেন্ডুলকার মুম্বাই শহরের মেট্রো ব্যবস্থার কিছু বিষয় তুলে ধরেন। তিনি প্রশ্ন রাখেন শহরটির মেট্রো লাইনের জন্য আলাদা কোনো অঞ্চল করার কোনো পরিকল্পনা রেল মন্ত্রণালয়ের আছে কি না। মন্ত্রণালয় অবশ্য এ ব্যাপারে টেন্ডুলকারকে নিজেদের অপারগতার কথাই জানিয়েছে।
আজ সোমবার রাজ্যসভায় ড্রাইভিং লাইসেন্স বিষয়ে তাঁর আরও একটি প্রশ্ন ওঠার কথা। গত ১ সেপ্টেম্বর রাজ্যসভার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য করা হয় তাঁকে। সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন বা বক্তব্য আসেনি টেন্ডুলকারের কাছ থেকে।
রাজ্যসভার সদস্য হওয়ার পর থেকে অধিবেশনগুলোতে তাঁর উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। ২০১২ সালে বিভিন্ন ক্ষেত্রে সফল বিশিষ্ট ভারতীয় নাগরিকদের কয়েকজনকে রাজ্যসভার সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়। অত্যন্ত মর্যাদাকর এই সদস্য সংখ্যা মাত্র ১২। টেন্ডুলকার তাঁদেরই একজন।
তবে সংসদ মানেই বিতর্কের জায়গা। আর কে না জানে, এই একটা জিনিস নিজের দীর্ঘ ক্যারিয়ারে সযত্নে এড়িয়ে গেছেন টেন্ডুলকার। হয়তো এ কারণেই তিন বছর ধরে হয়ে ছিলেন ‘স্পিকটি নট’! সূত্র: এনডিটিভি।