বিশ্বকাপের আরও চার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়ে দিয়েছে আগেই। কাল সেই ধারাবাহিকতায় দল ঘোষণা করল পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও।

শর্ত সাপেক্ষে মালিঙ্গা
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে কারা থাকছেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল ডিসেম্বরের ২১ তারিখেই। ওই দিন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। বিশ্বকাপের দলে থাকবেন ১৫ জন, তাই দেখার ছিল কে বাদ পড়েন। কাল এক শামিন্দা ইরাঙ্গাকে বাদ দিয়েই বিশ্বকাপের দল চূড়ান্ত করে ফেলেছে শ্রীলঙ্কা। চোট থেকে সেরে ওঠা সাপেক্ষে দলে রাখা হয়েছে ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, জীবন মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, দিমুথ করুনারত্নে, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, ধাম্মিকা প্রসাদ, সাচিত্রা সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ।

অবশেষে মাসাকাদজা
অবশেষে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে হ্যামিল্টন মাসাকাদজার। কখনো অনভিজ্ঞতা (২০০৩), কখনো চোট (২০০৭) ও কখনো বাজে ফর্ম (২০১১) বিশ্বকাপ খেলতে দেয়নি ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যানকে। কাল জিম্বাবুয়ের ১৫ জনের দলে আছেন ২০১২ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি। আছেন নির্বাচকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বাংলাদেশ সফরে সুযোগ না পাওয়া ব্যাটসম্যান শন উইলিয়ামসও।
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, চামু চিবাবা, ক্রেগ আরভিন, তফাদজাওয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি, সলোমন মায়ার, তাওয়ান্দা মুপারিওয়া, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেলর, প্রসপার উতসেয়া ও শন উইলিয়ামস।

ঘোষণাতেই চমক প্রোটিয়াদের
এক এক করে ডাকা হচ্ছে নাম। খেলোয়াড়েরা বেরিয়ে আসছেন আতশবাজির রোশনাইয়ের মধ্যে। কাল এভাবে ঘটা করেই বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। দল ঘোষণার পর একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তুললেন ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবট, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, ভারনন ফিল্যান্ডার, রাইলি রুশো, ডেল স্টেইন।

তিন বছর পর সোহেল
চোট শেষ করে দিল উমর গুলের বিশ্বকাপ। এই ফাস্ট বোলারকে ছাড়াই কাল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। গুঞ্জন উঠলেও ১৫ জনের দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক শোয়েব মালিক। মিসবাহর দলে চমক বলতে সোহেল খানের অন্তর্ভুক্তি। ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে খেলা ৩০ বছর বয়সী এই ফাস্ট বোলার সুযোগ পেলেন ঘরোয়া ক্রিকেটে ভালো করে।
পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হারিস সোহেল, উমর আকমল, শোহেব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, এহসান আদিল, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।