তিন বিভাগেই দেশের সেরা সাকিব

নিউজিল্যান্ড সফরটা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। হয়তো ভুলে যেতে চাইবেন সাকিব আল হাসানও। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা নিউজিল্যান্ডে খেললেও তাঁর আউট হওয়ার ধরন নিয়ে সমালোচনা কম হচ্ছে না। তবে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের পারফরম্যান্স দিয়েই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছেন সাকিব।
সাকিব ব্যাটিংয়ে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠেছিলেন ওয়েলিংটনে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট ইনিংসটা খেলেই। ক্রাইস্টচার্চ টেস্ট শেষে কাল প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৫৯ ও ৮ রান করে এক ধাপ এগিয়ে সাকিব এখন ২২ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়েছেন সাকিব। ক্রাইস্টচার্চের ৪ উইকেট তাঁকে ১৪ নম্বরে উঠিয়েছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এগোনোর ছাপটা সাকিবের অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও পড়েছে। সিরিজ শেষে ক্যারিয়ার-সেরা ৪৪৩ রেটিং পয়েন্ট। তাতেও অবশ্য অবস্থানের কোনো হেরফের হয়নি ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৭৬৭ দিন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের। তিনি আছেন আগের মতোই দুই নম্বরে। ৪৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন। ২০১৫ সালের ডিসেম্বর থেকেই এক নম্বরে ভারতীয় অলরাউন্ডার। তবে নতুন র্যাঙ্কিংয়ে সবচেয়ে লক্ষণীয় দিক, তিন বিভাগেই বাংলাদেশের এক নম্বর সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে যথারীতি শীর্ষে স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়ক ২০১৫ সালের ৩১ ডিসেম্বর থেকেই ধরে রেখেছেন এক নম্বর ব্যাটসম্যানের তকমাটা। ব্যাটিংয়ে শীর্ষ দশেই কোনো পরিবর্তন নেই। স্মিথের (৯৩৩) চেয়ে ৫৮ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে ভারতের বিরাট কোহলি। সর্বশেষ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। মাত্র ২ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা না পাওয়া নিকোলস ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে চার ধাপ এগিয়ে ৫০-এ উঠেছেন মাহমুদউল্লাহ।
পরিবর্তন নেই বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও। অশ্বিনই ধরে রেখেছেন এক নম্বর জায়গাটা। ২০১৬ সালে সাতবার হাতবদল হয়েছিল বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তবে গত ১২ অক্টোবর থেকে আর নড়চড় হয়নি অশ্বিনের জায়গা। গত এক বছরে অশ্বিন ছাড়া যেসব বোলার শীর্ষে উঠেছিলেন, তাঁদের কেউই এখন শীর্ষ পাঁচে নেই। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন কামরুল ইসলাম। ক্রাইস্টচার্চে ৩ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন বাংলাদেশের পেসার।