তিন ভুবনেরই রাজা স্টিভ স্মিথ

টেস্ট ও ওয়ানডেতে ভিন্ন অধিনায়কের রীতিটা শুরু করেছিল অস্ট্রেলিয়া। এর পর প্রায় সব দলই সেই পথে হেঁটেছে। টি-টোয়েন্টির আবির্ভাবের পর তিন সংস্করণে তিন অধিনায়ককেও দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার সেই অস্ট্রেলিয়াই আবার ফিরে যাচ্ছে একই অধিনায়কের নীতিতে। টেস্ট-ওয়ানডের পর এবার টি-টোয়েন্টির অধিনায়কও স্টিভেন স্মিথ। সামনের মাসে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপেই স্মিথ টস করতে নামবেন। টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চ-যুগেরও আপাতত সমাপ্তি হচ্ছে।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে কয়েক দিন ধরেই গুঞ্জন, ফিঞ্চকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন নির্বাচকেরা। ভারতের সঙ্গে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাইয়ের পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। এবার সেই ধারণাই সত্যি হলো। অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীর প্রধান রডনি মার্শ এবার লম্বা সময়ের জন্যই স্মিথকে দায়িত্ব দিতে চাইছেন, ‘টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ফিঞ্চ বেশ ভালো করেছে। নেতৃত্বের সুযোগটা তাঁকে অনেকভাবেই সাহায্য করবে। অস্ট্রেলিয়া দলেও সে সম্মানিত একজন নেতা হিসেবেই থাকবে। কিন্তু সে টি-টোয়েন্টির অধিনায়ক হওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে দলে অনেক পরিবর্তন হয়েছে। মাইকেল ক্লার্ক অবসর নিয়েছে, স্টিভেন স্মিথ তার জায়গা নিয়েছে। আমাদের মনে হয়, স্মিথের অস্ট্রেলিয়াকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়ার জন্য এটাই সঠিক সময়। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, এর পরেও।’
২০১২ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছিলেন জর্জ বেইলি। দুই বছর পর অধিনায়কত্ব পান অ্যারন ফিঞ্চ। গত বছর স্মিথ অবশ্য একটা টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। এই বছরেই ভারতের সঙ্গে শেন ওয়াটসনও এক ম্যাচে টস করতে নেমেছিলেন। এবার সেই দায়িত্বটা স্মিথ পাকাপাকিভাবেই পেলেন। স্মিথ ব্যাপারটা দেখছেন চ্যালেঞ্জ হিসেবেই, ‘এটা খুবই দ্রুতলয়ের একটা সংস্করণ। সময়ের আগেই এখানে আপনাকে চিন্তা করতে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এখনো এই ট্রফিটা আমাদের পাওয়া হয়নি।’
আজ ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে বড় চমক অবশ্য স্মিথের অধিনায়কত্ব পাওয়া নয়। সেটি উইকেটকিপার হিসেবে ম্যাথু ওয়েডের জায়গায় পিটার নেভিলের সুযোগ পাওয়া। টেস্টে খেললেও টি-টোয়েন্টিতে এখনও অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়নি নেভিলের। নেভিল ছাড়াও দলে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন দুই স্পিনার অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জামপাও। এঁদের মধ্যে অ্যাগার ২টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন, লেগ স্পিনার জামপা খেলেছেন ২টি ওয়ানডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল: উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, জন হ্যাস্টিংস, পিটার নেভিল, অ্যাডাম জামপা, জশ হ্যাজলউড, অ্যারন ফিঞ্চ, নাথান কোল্টার-নাইল, অ্যাশটন অ্যাগার, অ্যান্ড্রু টাই।