তাঁরা তিনজন। তিন কিংবদন্তি। ভারতীয় ক্রিকেটের কত গৌরবগাথার নায়ক শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর রাহুল দ্রাবিড়। জানা গিয়েছিল এই ত্রিমূর্তিকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির ক্রিকেট উন্নয়নের কাজে লাগানোর উপায় খুঁজছে। কাল এনডিটিভি জানিয়েছে, তিনটি ভিন্ন ভূমিকার জন্য এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে টেন্ডুলকার, সৌরভ ও দ্রাবিড়কে। টেন্ডুলকার, দ্রাবিড় ভেবে দেখার জন্য কিছুটা সময় চাইলেও সৌরভ নাকি এরই মধ্যে রাজিও হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হাইপারফরম্যান্স ম্যানেজারের দায়িত্ব নিতে। তবে সৌরভ ঠিক কবে থেকে দায়িত্বটা নিতে যাচ্ছেন সৌরভ, সেটা জানাতে পারেনি ভারতীয় টিভি চ্যানেলটি।
শচীন টেন্ডুলকারকে প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট একাডেমির প্রতিভা অন্বেষণ পরামর্শক হিসেবে কাজ করার। টেন্ডুলকার প্রাথমিকভাবে প্রস্তাবটি গ্রহণ করলেও এখন বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। বিস্তারিত জানতে চেয়েছেন তাঁর কর্মপরিধি সম্পর্কে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিভা উন্নয়ন ব্যবস্থাপক হওয়ার প্রস্তাব পেয়ে দ্রাবিড় জানিয়েছেন, আইপিএল শেষ হওয়ার পর ব্যাপারটি ভেবে দেখবেন। এনডিটিভি।