তিন মাঠেই বড় ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আল আমিনের খবর কী?’ পরশু দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্স-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচ দেখতে আসা মুক্তার আলীর মুখে মুক্তো ছড়ানো হাসি, ‘ভালো আছে, হয়তো অনুশীলন করছে।’ এরপর আল আমিনের প্রশংসা ঝরল শেখ জামাল ধানমন্ডির পেসারের কণ্ঠে। মাঠের বাইরে একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু। তবে আজ ব্যক্তিগত সম্পর্ক ভুলে দুজনই চাইবেন একে অন্যকে হারাতে। ফতুল্লায় মুখোমুখি আল আমিনের প্রাইম দোলেশ্বর আর মুক্তারের শেখ জামাল।
ঢাকা প্রিমিয়ার লিগের দুই রাউন্ড শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দুই দলই। শক্তিমত্তায় কে এগিয়ে, তার একটা পরীক্ষাই হয়ে যাবে। ফতুল্লায় নিজেদের প্রথম ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল। তবে মিরপুরে আবাহনীর বিপক্ষে তাদের ম্যাচটি ছিল স্নায়ুক্ষয়ী। রুদ্ধশ্বাস উত্তেজনায় শেষ বলের ছক্কায় শেখ জামালকে জয়ের আনন্দে ভাসিয়েছিলেন মুক্তার। ‘আজ যদি আপনাকে একইভাবে ছক্কা মারেন মুক্তার...’, কাল মুঠোফোনে প্রশ্ন শেষ না হতেই আল আমিনের জবাব, ‘যদি এমন পরিস্থিতি তৈরি হয়, আমার বলে মুক্তারের ছক্কা মারার সম্ভাবনা ১০ শতাংশ। অবশ্য ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ওই ১০ শতাংশ কাজে লেগেও যেতে পারে। তবে বাকি ৯০ শতাংশ সুযোগ আমি কাজে লাগানোর চেষ্টা করব।’
আল আমিন একটা চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন, সেটি মুক্তার নিচ্ছেনও, ‘প্রশ্নটা করে ওর জেদ তো বাড়িয়ে দিয়েছেন। কাল (আজ) আমার বিপক্ষে সে অনেক সিরিয়াস থাকবে। তবে আমিও থাকব সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলেই কাজে লাগিয়ে দেব।’
গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বর আত্মবিশ্বাস খুঁজে পেতে পারে অতীত রেকর্ড থেকেও। ঢাকা লিগে গত মৌসুমে নিজেদের শেষ ছয়টি ম্যাচ টানা জিতেছিল তারা। এই মৌসুমে এখনো হারেনি। জয়ের ধারাটা ধরে রাখতে চান দোলেশ্বরের তারকা খেলোয়াড় নাসির হোসেন, ‘শেখ জামাল শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের জিততে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করতে হবে।’
প্রথম দিনটা জমেনি, তবে তারপর থেকেই প্রায় সব ম্যাচই দেখেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই ম্যাচও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা নাসিরের, ‘যেসব উইকেটে খেলা হচ্ছে সবই ভালো। ২৫০-৩০০ যে রানই হচ্ছে, তাড়া করা সম্ভব হচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচই দেখেন শেষ ওভারে যাচ্ছে। কারও জন্য ম্যাচ সহজ হচ্ছে না।’
তৃতীয় রাউন্ডের অন্য দুটি ম্যাচও প্রতিদ্বন্দ্বিতামুখর হওয়ার আভাস মিলছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফি বিন মুর্তজার কলবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের শুরুটা এবার খুব একটা ভালো হয়নি। মিরপুরে প্রথম ম্যাচে গাজী গ্রুপের কাছে বড় ব্যবধানে হারের পর বিকেএসপিতে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে কষ্টের জয়। তবু এই ম্যাচে এগিয়ে থাকবে প্রাইম ব্যাংকই। দুই ম্যাচ খেলে কলাবাগান ক্রীড়াচক্র এখনো পায়নি জয়ের দেখা।
বিকেএসপিতে আবাহনী-ব্রাদার্স ম্যাচটিও জমজমাট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এবারের লিগে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল আবাহনী ২ ম্যাচের একটিতে জিতেছে, হেরেছে বাকিটি। ব্রাদার্সেরও একই অবস্থা। দুই দলের পয়েন্টও সমান। বিকেএসপিতে কে কাকে ছাড়িয়ে যায়, সেটিই দেখার।
আজকের খেলা
কলাবাগান ক্রীড়াচক্র-প্রাইম ব্যাংক
(সকাল ৯টা, মিরপুর)
প্রাইম দোলেশ্বর-শেখ জামাল
(সকাল ৯টা, ফতুল্লা)
আবাহনী-ব্রাদার্স
(সকাল ৯টা, বিকেএসপি)