তিন মাস নিষিদ্ধ ইয়াসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি পেতে যাচ্ছেন, এটা একরকম অনুমিতই ছিল। ইয়াসির শাহর সেই শাস্তিটা কী হয়, সেটাই দেখার অপেক্ষা ছিল। কাল আইসিসি জানিয়েছে, ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার।
গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার সময় সংগৃহীত নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ হন ইয়াসির। তাঁর শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়া গেছে, এটা জানিয়ে সেই সময় আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধও করে তাঁকে। তখন অবশ্য ইয়াসির দাবি করেছিলেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধক ওষুধ সেবন করেই নাকি বিপদে পড়েছেন তিনি। বলেছিলেন, ভুল করে স্ত্রীর রক্তচাপের ওষুধ খেয়ে ফেলেছিলেন। তাঁর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলও করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসিকে পিসিবি বিষয়টি ব্যতিক্রম হিসেবে নিতে অনুরোধ করেছিল। কাল আইসিসির বিবৃতিতেও বোঝা যাচ্ছে, ইয়াসিরের ব্যাখ্যাটা গ্রহণ করেছে তারা। নইলে হয়তো কয়েক বছরের জন্যই নিষিদ্ধ হতেন ২৯ বছর বয়সী ইয়াসির।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে ইয়াসির আইসিসিকে সন্তুষ্ট করতে পেরেছেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে পারফরম্যান্স-বর্ধক কোনো ড্রাগ নেননি।’
তবে অনিচ্ছাকৃতভাবে হলেও আইসিসির ডোপবিরোধী নীতি ভঙ্গের কথা ইয়াসির স্বীকার করেছেন। এ জন্য তাঁকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইসিসির বিবৃতি অনুযায়ী, ‘এই নিষেধাজ্ঞা শুরুর সময়টা ধরা হবে ২৭ ডিসেম্বর থেকে যা শেষ হবে আগামী ২৭ মার্চ।’
তার মানে ২৮ মার্চ থেকে আবার ক্রিকেটে ফিরতে পারবেন ইয়াসির। নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারছেন না চলমান পাকিস্তান সুপার লিগে। খেলতে পারবেন না আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে আগামী জুনে পাকিস্তানের ইংল্যান্ড সফরে ফিরতে পারবেন ইয়াসির।
সাম্প্রতিক সময়ে ইয়াসির নিজেকে পাকিস্তানের মূল বোলিং অস্ত্রে পরিণত করেছেন। গত বছর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজে জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। এএফপি।