
জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে গত মাসেই বাংলাদেশে এসে বলেছিলেন, ‘বড় দুই ভাইয়ের সঙ্গে জাতীয় দলে খেলতে তর সইছে না।’ সেই স্বপ্ন হয়তো পূরণ হয়ে যাবে আগামী কদিনের মধ্যেই। ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের টেস্ট দলে জায়গা পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। বড় ভাই হ্যামিল্টন মাসাকাদজা তো দলের অবিচ্ছেদ্য অংশ। টেস্ট দলে ফিরেছেন মেজো ভাই শিঙ্গিরাই মাসাকাদজাও। মাসাকাদজাদের তিন ভাইকে নিয়ে জিম্বাবুয়ের ১৭ সদস্যের টেস্ট দল দেশ ছেড়েছে গতকাল। ঢাকায় পা রাখার কথা আজ বিকেল সাড়ে ৫টায়।
তিন ভাই একসঙ্গে কোনো টেস্ট খেলতে নামলে তা আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনাই হবে। একই টেস্টে তিন জোড়া ভাইকে খেলানোর একমাত্র কীর্তিটি জিম্বাবুয়েরই। ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারারে টেস্টে খেলেছিলেন ফ্লাওয়ার (অ্যান্ডি ও গ্রান্ট), স্ট্রাং (পল ও ব্রায়ান) ও এবং রেনি (জন ও গ্যাভিন) ভাইরা। কিন্তু তিন ভাই একসঙ্গে খেললে জিম্বাবুয়ের হয়ে এটিই হবে প্রথম। তিন ভাই একই টেস্টে খেলার ঘটনাই তো ইতিহাসে মাত্র তিনটি। খেলেছিলেন ইংল্যান্ডের গ্রেস ও হিয়ার্ন ভাইয়েরা এবং পাকিস্তানের মোহাম্মদ ভাইয়েরা।
‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে দুটি চার দিনের ম্যাচে ওয়েলিংটন মাসাকাদজা নিয়েছেন ১২ উইকেট। এই বাঁহাতি স্পিনারের দলে ডাক পাওয়াটা আরও ত্বরান্বিত করেছে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে প্রসপার উৎসেয়ার নিষিদ্ধ হওয়া। ছোট মাসাকাদজার দলে আসা তাই চমক না হলেও বেশ বড় চমক আছে দুটি—একজনের থাকা, আরেকজনের না থাকা! গত বছরের ফেব্রুয়ারি-মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ক্রেইগ আরভিন। কিন্তু এরপরই জিম্বাবুয়ের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলবেন বলে। দেড় বছরের ইংল্যান্ড অভিযান শেষে এ মাসেই দেশে ফিরেছেন আরভিন, আবার খেলতে চেয়েছেন জিম্বাবুয়ের হয়ে। বাঁহাতি ব্যাটসম্যানকে দলে নিতে একটুও সময় নেননি নির্বাচকেরা। চমকে দেওয়া না-থাকা নামটি শন উইলিয়ামস। কদিন আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল এই বাঁহাতি অলরাউন্ডারের। তাঁর না-থাকার কারণটি অজানা। দলে ঠাঁই পাননি ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ঘুরে যাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান মার্ক ভারমিউলেনও।
ছোট মাসাকাদজার মতো ‘এ’ দলের বাংলাদেশ সফরের পারফরম্যান্সে টেস্ট দলে সুযোগ পেয়েছেন ব্রায়ান চারি। যেটিকে বলা যায় বাংলাদেশে দুটি বেসরকারি টেস্টে সর্বোচ্চ ১৭৪ রান করার পুরস্কার। ওই সফরেই এক দিনের ম্যাচে ১৩২ রান করা রেজিস চাকাভা ফিরেছেন ওয়ানডে দলে। টেস্ট দলে আগে থেকেই ছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। টেস্ট-ওয়ানডে দুই দলেই ফিরেছেন তিনাশে পানিয়াঙ্গারা। অ্যাশেজে মিচেল জনসনের ভীতি-জাগানিয়া বোলিংয়ের ভিডিও সতীর্থদের মোবাইলে পাঠানোর ‘অপরাধে’ গত আগস্টে বহিষ্কৃত হয়েছিলেন এই পেসার। জিম্বাবুয়ে ‘এ’ দলের সফরের স্কোয়াড থেকে টেস্ট ও ওয়ানডে দল মিলিয়ে বাংলাদেশে ফিরছেন অন্তত সাতজন। ‘এ’ দলের বোলিং কোচ ডগলাস হোন্ডো ফিরছেন মূল দলের সহকারী কোচ হয়ে। প্রধান কোচ যথারীতি স্টিভ ম্যাঙ্গোঙ্গো।
টেস্ট স্কোয়াড: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, শিঙ্গিরাই মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, নাতসাই এমসাঙ্গুয়ে, রিচমন্ড মুতুম্বামি, জন নিয়ুম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার।
ওয়ানডে স্কোয়াড: টেস্ট দলে পরিবর্তন তিনটি। টেস্ট সিরিজ শেষে ফিরে যাবেন চারি, শিঙ্গি ও ওয়েলিংটন মাসাকাদজা। তাঁদের বদলে আসবেন নেভিল মাদজিভা, টিমাইসেন মারুমা, সলোমন মায়ার, পিটার মুর, তাওয়ান্দা মুপারিওয়া ও ব্রায়ান ভিটরি—এই ছয়জনের তিনজন।