তিন মোড়লকে ছেঁটে ফেলা ক্রিকেটের জন্যই সুখবর

এখনো চূড়ান্ত হয়নি। কিংবা আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি। তবে আইসিসি এরই মধ্যে গঠনতন্ত্র সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, সেটি অনুমোদন হয়ে যাওয়ারই কথা। আর তা হলে ক্রিকেটে ‘বিগ থ্রি’ কিংবা ‘তিন মোড়ল’ নামে পরিচিতি পেয়ে যাওয়া তিন বোর্ডের সর্বময় কর্তৃত্ব আর থাকবে না। এই উদ্যোগের প্রতিক্রিয়ায় পুরো ক্রিকেট বিশ্ব যেন স্বস্তি প্রকাশ করেছে। বলা হয়েছে, এটি ক্রিকেটের জন্যই সুখবর।
ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কিছু কিছু প্রচারমাধ্যমে অবশ্য এ নিয়ে আছে সতর্ক প্রতিক্রিয়াও। তবে ভারতের সব বড় প্রচারমাধ্যমেই ফলাও করে এই খবর প্রকাশ হয়েছে। এর মধ্যে টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল, ‘আইসিসি কমিটিতে স্থায়ী সদস্যপদ হারাল বিসিসিআই, সিএ ও ইসিসি।’ হিন্দুস্তান টাইমস একটু যেন তীর্যকভাবে শশাঙ্ক মনোহরের এই উদ্যোগটাকে দেখছে, ‘আইসিসিতে তিন মোড়লের ক্ষমতা খর্বে মনোহরের প্রভাব।’ আরেক প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু লিখেছে, ‘আইসিসিতে তিন মোড়লের পুনর্গঠন খতিয়ে দেখছে আইসিসি’। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম, ‘আবার পেন্ডুলাম দুললো: তিনজনকে আলাদা করা নয়, বলল আইসিসি।’
কলকাতার আনন্দবাজার পত্রিকার চোখে আইসিসিতে এর মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গেছেন মনোহর। কিন্তু একই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে, নিজের ঘরেই মনোহর এখন ভয়ংকর বাউন্সারের মুখে আছেন। লোধা কমিশন নিয়ে বিসিসিআইকে চরমপত্র দিয়েছে সুপ্রিম কোর্ট, মনোহরকে এখন সেটাও সামলাতে হচ্ছে। তবে আনন্দবাজারে সরাসরিই লেখা হয়েছে, বিগ থ্রি বলে কিছুর এখন আর কার্যত অস্তিত্ব নেই। ‘আইসিসির সব সদস্যই সমান। কেউ কারও চেয়ে বড় নয়। কারও হাতে অতিরিক্ত ক্ষমতা থাকবে না’—মনোহরের কথাটাই উদ্ধৃত করেছে তারা।
তিন মোড়লের বাকি দুই দেশের সংবাদমাধ্যমও খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সিডনি মর্নিং হেরাল্ড একটু ব্যঙ্গাত্মক সুরেই লিখেছে, ‘আইসিসিতে জব্দ হলো তিন মোড়ল।’ বিবিসি শিরোনাম করেছে, ‘আইসিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্ষমতা কমছে।’ আরেক ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের শিরোনামও বিবিসির মতোই। অন্য দিকে পাকিস্তানের দৈনিক দ্য ডন অন্য একটা ব্যাপারকে বেশি গুরুত্ব দিয়েছে। তাদের শিরোনাম, ‘আইসিসিতে চেয়ারম্যানের ভূমিকাতে পরিবর্তন আসছে।’