তিন মোড়লকে হঠাতে বড় ভূমিকা পাকিস্তানের?

আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমেই বিলোপ হয়েছে ক্রিকেটের ‘তিন মোড়ল-তত্ত্ব’। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের দাবি, পাকিস্তানই নাকি তাতে রেখেছে মূল ভূমিকা। পিসিবির কারণেই নাকি তিন মোড়লের হাত থেকে মুক্তি পেয়েছে ক্রিকেট দুনিয়া। পাকিস্তান প্রথম দেশ হিসেবে ক্রিকেট বিশ্বে সাম্যব্যবস্থা ফিরিয়ে আনার কথা তুলেছিল, দাবি শাহরিয়ারের।
ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই তিনটি দেশের ক্ষমতা ও আয়ের অংশ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল ২০১৩ সালে। ব্যাপারটি সমালোচনার ঝড় তুলেছিল ক্রিকেট দুনিয়ায়। যে দেশ আইসিসিকে ব্যবসা বেশি দেয়, সে দেশগুলোই লভ্যাংশের বড় অংশের দাবিদার—তিন মোড়ল-তত্ত্বের মূল ভাবনাটা ছিল এমনই। এতে করে ভারতের মতো দেশ—ক্রিকেটের বাজারটা যাদের পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এমনকি দক্ষিণ আফ্রিকার চেয়েও বড়, তাদের ভাগেই লাভের অংশটা বেশি পড়ত।
তিন মোড়ল-তত্ত্ব বিলোপের প্রথম উদ্যোগটা অবশ্য আসে এক ভারতীয়ের কাছ থেকেই। শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান হওয়ার পর থেকেই ক্রিকেট দুনিয়ায় আবারও সাম্য ফেরানোর তোড়জোড় শুরু হয়। কিছুদিন আগে তিন মোড়ল-তত্ত্বের বিরুদ্ধে যে ভোটাভুটি হয়, তাতে একমাত্র ভারত ছাড়া আর কেউই পক্ষে ভোট দেয়নি। এমনকি ‘তিন মোড়লে’র দুই সদস্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও এর বিপক্ষে ভোট দেয়।
শাহরিয়ার খান অবশ্য কৃতিত্বটা নিজেই নিতে চান, ‘পাকিস্তানই একমাত্র দেশ, যারা প্রথম থেকেই তিন মোড়লে তত্ত্বের ভয়ংকর দিকটা বুঝতে পেরেছিল। পাকিস্তানই অন্যদের এর বাজে দিকটা সম্পর্কে বুঝিয়েছে। এটি একটি অগণতান্ত্রিক ব্যাপার। পাকিস্তান প্রথম থেকেই এটা বলে এসেছে। শাহরিয়ার বলেছেন, ‘এই পদ্ধতি আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে কেবল নির্দিষ্ট কয়েকটি দেশের প্রতি পক্ষপাতদুষ্ট যা এক কথায় অন্যদের প্রতি অবিচার।’ সূত্র: দ্য ডন।