তিন ম্যাচই জিততে চায় যুবারা
অন্য সময় হলে এটাকে বলা হতো দ্বিপাক্ষিক সিরিজ। এখনো তাই, তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে বলে আজ থেকে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ যুব দলের তিন ম্যাচের সিরিজটি হয়ে যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্বও। আজ সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামে পরের দুটি ম্যাচ হবে ১৪ ও ১৬ জানুয়ারি।
সিরিজের তিন ম্যাচেই জয়ের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমানের। মিরপুরে কাল অনুশীলন শেষে বলছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটি বিশ্বকাপ প্রস্তুতির জন্য খুবই ভালো হবে। চাইব প্রতিটি ম্যাচ জিততে।’ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যোগ করেছেন, ‘এই সিরিজ আমাদের জন্য বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ। সঙ্গে নিজেদের ভুলগুলোও শুধরে নেওয়ার চেষ্টা করব।’ মেহেদীর বিশ্বাস, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাজ সহজ করে দিতে পারেন ব্যাটসম্যানরাই, ‘ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা অনেক ভালো। তাদের ভালোভাবে খেলতে পারলে আমাদের জন্য বিশ্বকাপে খেলাটাও সহজ হয়ে যাবে।’
বল হাতে তিনি আস্থা রাখছেন স্পিনারদের ওপর। ক্যারিবীয় দলটির ইংলিশ কোচ গ্রায়েম ওয়েস্টও বারবার বললেন, বাংলাদেশের স্পিনাররাই তাদের জন্য বড় হুমকি, ‘এটি বাংলাদেশের শক্তি হিসেবেই দেখছি আমরা। অধিনায়ক তো আছেই, আরও একজন ভালো স্পিনারও আছে ওদের...দুজনকেই খুব পরিপূর্ণ বোলার মনে হয়। আমাদের পরিকল্পনার বড় অংশজুড়ে থাকবে তারাই।’
ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯-কে হারানোর সাফল্য আছে বাংলাদেশ যুব দলের। মেহেদীর আত্মবিশ্বাস বাড়াচ্ছে সেটাও। কোচ মিজানের মতো মেহেদীর কণ্ঠেও একই প্রতিজ্ঞা, ‘লক্ষ্য তিন ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া। জয় নিয়ে বিশ্বকাপে খেলতে গেলে আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো থাকবে।’