ব্রিসবেনে জোড়া সেঞ্চুরি। পার্থে ডাবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট হাতে খারাপ গেল শুধু অ্যাডিলেডে। তবে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩৬ রান করেই ওয়ার্নার পেছনে ফেলে দিয়েছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ৫৯২ রান ওয়ার্নারের। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭৬ রান করেছিলেন ক্লার্ক। এত দিন অস্ট্রেলিয়ার মাটিতে তিন বা তার চেয়ে কম ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল ওটাই। সব মিলিয়ে তিন বা তার চেয়ে কম ম্যাচের সিরিজে রানের হিসাবে ওয়ার্নার আছেন চারে। সবার ওপরে গ্রাহাম গুচ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ১৯৯০ সালে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে করেছিলেন ৭৫২ রান। এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (৬৮৮, বিপক্ষ শ্রীলঙ্কা, ২০০১) ও মোহাম্মদ ইউসুফ (৬৬৫, ওয়েস্ট ইন্ডিজ, ২০০৬)।