তিন ম্যাচের দুটিতেই শেষ ওভারের রোমাঞ্চ

জয়ের পর শাইনপুকুরের খেলোয়াড়দের উল্লাসছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ডে মাত্র ১৭২ রান। তবু রূপগঞ্জ টাইগার্সের খেলোয়াড়দের মধ্যে জয়ের বিশ্বাসটা মরে যায়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শাইনপুকুরের বিপক্ষে এই রান নিয়েও শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে রূপগঞ্জ। কিন্তু শেষ ওভারে চাপ জয় করে ঠিকই দলের ১ উইকেটের জয় নিশ্চিত করেছেন শাইনপুকুরের দুই তরুণ ক্রিকেটার রিপন মন্ডল ও হাসান মুরাদ।

বিকেএসপিতে দিনের আরেক ম্যাচও দেখেছে শেষ ওভারের রোমাঞ্চ। চার নম্বর মাঠে খেলাঘরের ২৪১ রান তাড়া করে ১ বল ও ১ উইকেট হাতে রেখে জিতেছে সিটি ক্লাব। পাশের মাঠে অবশ্য গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সহজেই হারিয়েছে শেখ জামাল। আকবর আলীদের ১৫৭ রানে অলআউট করে সেই রান ২৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে টপকে যায় ইমরুল কায়েসের শেখ জামাল।

পাঁচ রাউন্ডের বিরতির পর আজ প্রিমিয়ার লিগ ফিরেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শাইনপুকুর ও রূপগঞ্জের ম্যাচে সে কারণেই সবার বাড়তি আগ্রহ ছিল। শাইনপুকুরের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে স্পিন বিষে নীল রূপগঞ্জ। নাঈম হাসান, হাসান মুরাদের বোলিংয়ে রান বের করতে হিমশিম খেয়েছেন জাকির হাসানরা। নাঈমের ১০ ওভার থেকে মাত্র ১৯ রান নিতে পেরেছে রূপগঞ্জ, মুরাদ ৭ ওভারে দিয়েছেন ২৫ রান।

নাসুমদের বোলিংয়ে রানই নিতে পারেনি রূপগঞ্জ
ছবি: প্রথম আলো

উইকেটের হিসাবে সফলতম বোলার অবশ্য কোনো স্পিনার নন, অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং অলরাউন্ডার রিপন। ৩ উইকেট নেওয়ার পথে ৯.৩ ওভারে তিনি দিয়েছেন ৩০ রান। পরে তাঁর ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচ জিতেছে শাইনপুকুর। রান তাড়ায় প্রথম ওভারেই শাইনপুকুরের টপ অর্ডারে আঘাত হানেন নাসুম আহমেদ। নতুন বলের বিশেষজ্ঞ এই বাঁহাতি স্পিনারের বলে কোনো রান না করেই আউট অভিষেক মিত্র ও আনিসুল ইসলাম। পরের ওভারে মাহিদুল ইসলামও শুন্য রানে নাসুমের শিকার। ১ রান তুলতেই ৩ উইকেট নেই শাইনপুকুরের।

তাসামুল ইসলাম ও রাহাতুল ফেরদৌসের ৩১ রানের জুটি শুরুর বিপদ থেকে দলকে রক্ষা করে। কিন্তু দুজনের ইনিংস দীর্ঘ হয়নি বাবা অপরাজিতের বোলিংয়ে। জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা এসে দলের হাল ধরেন। ছোট ছোট জুটি গড়ে শাইনপুকুরকে বিপদমুক্ত করেন তিনি। কিন্তু দলীয় ১০৯ রানে রাজা ও ১৪২ রানের সময় আলাউদ্দিন বাবু আউট হলে রূপগঞ্জকেই ফেবারিট মনে হচ্ছিল।

সিকান্দার রাজা আউট হওয়ার পর রূপগঞ্জকেই ফেবারিট মনে হচ্ছিল
ছবি: প্রথম আলো

রিপন মন্ডল ও হাসান মুরাদ অবশ্য জয় ছাড়া কিছু ভাবছিলেন না। দশম উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন মহাগুরুত্বপূর্ণ ৩৩ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১ রান। বাবা অপরাজিতের প্রথম তিন বলে কোনো রান না এলেও চতুর্থ বলে চার মেরে শাইনপুকুরের জয় নিশ্চিত করেন রিপন। অপরাজিত ২৮ রানের সঙ্গে বোলিংয়ে তিন উইকেট নিয়ে রিপনই হয়েছেন ম্যাচ সেরা। ১৩ রানে অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দিয়েছে মুরাদ।

বিকেএসপিতে খেলাঘরের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে সিটি ক্লাবের দরকার ছিল ২ রান। টিপু সুলতানের করা ওভারের প্রথম বলতে দৌড়ে ১ রান নিয়েছেন উসমান খালেদ। পরের তিন বলে কোনো রান আসেনি, উল্টো আউট হয়েছেন আব্দুল হালিম। নতুন ব্যাটসম্যান হিসেবে শাহরিয়ার ক্রিজে এসে এক বল ডট খেললেও ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে সিটি ক্লাবের জয় নিশ্চিত করেন।

তার আগে জাকিরুল আহমেদ (৭২) ও আশিক উল আলম (৭৪) জোড়া ফিফটি করে সিটি ক্লাবের কাজটা সহজ করে দেন। দুজনের একজন টিকে থাকলে হয়তো সিটি ক্লাব সহজেই জিতত। কিন্তু খেলাঘরের পেসার মাসুম খান ৪ উইকেট নিয়ে সেটি হতে দেননি। খেলাঘরের হয়ে বরাবরের মতো আজও রান পেয়েছেন অমিত হাসান। ১০৮ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া সালমান হোসেন ৬৬ রান করেছেন।

পাশের মাঠে অবশ্য খেলাটা হয়েছে একপেশে। মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান ৩টি করে উইকেট নিয়ে গাজী গ্রুপকে অল আউট করে দেন ১৫৭ রানে। জবাবে সৈকত আলী ও সাইফ হসানের উদ্বোধনী জুটিতেই শেখ জামাল ৯৯ রান পেয়ে যায়। সৈকত ৭৭ রানে অপরাজিত ছিলেন। ৫২ রান করে আউট হন সাইফ।