তিন রকমের পিএসএল
একই ফ্লাইটে গিয়েছিলেন, কাল ঢাকায় ফিরলেনও একই ফ্লাইটে। কিন্তু সবই কি আর ‘একই’ হয়! সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তিনজনকে উপহার দিল তিন রকম অভিজ্ঞতা। বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম-এর সঙ্গে কথা বলে লিখেছেন তারেক মাহমুদ
তামিমকে ছাড়তে চায়নি পেশোয়ার

ঢাকায় ফেরার আগে সর্বশেষ দুই ম্যাচে খেলেননি। প্রথমটি কুঁচকিতে পাওয়া সামান্য চোটের কারণে। পরেরটি তাঁর পরিবর্তে ব্র্যাড হজ খেলায়। এত ভালো খেলার পরও তামিম বসে থাকলেন কেন? মুঠোফোনে তামিম ইকবাল জানালেন, ‘হজ ছিল আমার স্ট্যান্ডবাই। ও খেললে আমি খেলতে পারব না। সে জন্য ওরা বলল, হজ যেহেতু সেমিফাইনালে খেলবে, তার আগে এই ম্যাচে তাকে খেলাতে চায়। আমিও মনে করেছি, এটাই ঠিক।’
ছয় ম্যাচে তিন ফিফটিসহ ২৬৭ রান। দুটিতে ম্যান অব দ্য ম্যাচ। পিএসএল দুর্দান্ত কেটেছে তামিমের। দেশে ফেরার আগে টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের কাছ থেকে পাওয়া ‘বিদায় সংবর্ধনা’য় রীতিমতো আপ্লুত বাঁহাতি এই ওপেনার, ‘ওরা খুব করে চেয়েছিল, আমি সেমিফাইনালটা খেলে আসি। কিন্তু ব্যক্তিগত সমস্যার কথা বলার পর আর আমাকে আটকায়নি। তবে বলে দিয়েছে, পরের বারও যেন আমি এই দলেই খেলি। অন্য দলের কথা চিন্তাও না করি।’
সেমিফাইনালের জন্য নাকি তামিমকে মোটা অঙ্কের টাকা দেওয়ারও প্রস্তাব করেছিল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এশিয়া কাপেও খেলছেন না যে কারণে, সেই সন্তানের মুখ দেখাটাই তাঁর কাছে এ মুহূর্তে সবচেয়ে বড়। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগামীকালই তাঁর থাইল্যান্ড চলে যাওয়ার কথা।
নতুন অভিজ্ঞতা নেই সাকিবের

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোনোটাই খেলা বাকি থাকল না সাকিব আল হাসানের। বাংলাদেশের বিপিএলের কথা বাদ দিন; ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ বা ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ থেকে শুরু করে শ্রীলঙ্কার এসএলপিএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএলের পর এবার খেলে এলেন পাকিস্তানের পিএসএলেও। তা মরুর দেশে ক্রিকেট খেলে কেমন অভিজ্ঞতা হলো সাকিবের? মুঠোফোনে সংক্ষিপ্ত উত্তর, ‘দুবাইয়ে তো আগেও খেলেছি। সে রকমই লেগেছে। নতুন কোনো অভিজ্ঞতা নেই। অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের মতোই মনে হয়েছে।’
করাচি কিংসের হয়ে প্রথম ম্যাচেই ৫১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন। কিন্তু এরপর সাকিবের ব্যাটে এমন রানখরা যে, পরের ৭ ম্যাচে করলেন ৭৫! বল হাতে ৮ ম্যাচে ৩ উইকেটও সাকিবসুলভ পারফরম্যান্স নয়। এশিয়া কাপের আগে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের এমন পারফরম্যান্সে সাকিবের খুশি হওয়ার কথা নয়। সাকিব অবশ্য বরাবরের মতোই নির্বিকার, ‘কী হলো না হলো, এগুলো নিয়ে ভেবে তো লাভ নেই! এখন সব চিন্তা এশিয়া কাপ নিয়ে। ২০ তারিখ (কাল) থেকে অনুশীলন। সে জন্যই তো আগে আগে চলে এলাম।’
বিপিএলই এগিয়ে মুশফিকের কাছে

ম্যাচ খেলেছেন মাত্র ৩টি, রান ৪৯। মুশফিকুর রহিমের পিএসএল মনে রাখার কারণ নেই। তবে এর জন্য তাঁর পারফরম্যান্স যতটা দায়ী, তার চেয়ে কম দায়ী নয় ভাগ্যও। তিন ম্যাচের দুটিতেই ব্যাটিংয়ে নেমেছেন ৭ নম্বরে। মুশফিকের কণ্ঠে হতাশা স্পষ্ট, ‘টাকাপয়সার চেয়েও আমার পিএসএলে যাওয়ার বড় কারণ ছিল, ওখানে খেলার সুযোগ পাব ভেবে। তা তো পেলাম না। আমার বিশ্বাস, ব্যাটিং অর্ডারের ছয়ের মধ্যে আরও ম্যাচ খেলতে পারলে ভালো রানই করতাম।’
মুশফিকের ৭ নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা বর্ণনাতেও ফুটে উঠেছে অসহায়ত্ব, ‘দুটি ম্যাচে ৭ নম্বরে নেমে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পাইনি। আর ওই জায়গায় ব্যাট করাটা আমার জন্য মোটেও ভালো ছিল না। অন্য ম্যাচে আগে নেমে চেষ্টা করেছি রান করতে। তবে আরও ভালো খেলা যেত।’ সবকিছু মিলিয়ে পিএসএল ততটা উপভোগ্য মনে হয়নি তাঁর কাছে, ‘ওখানে যারা ম্যাচ খেলে না, তাদের প্র্যাকটিসের সুযোগ নেই। অনেক কিছুই এলোমেলো। এর চেয়ে আমাদের বিপিএল অনেক ভালো।’
পিএসএল-হতাশা কাটিয়ে সাকিবের মতো মুশফিকের চোখও এখন সামনে। জাতীয় দলের জার্সি গায়ে ঝাঁপিয়ে পড়ার সময় যে আবারও সমাগত, ‘এখন চিন্তা শুধু এশিয়া কাপ। সব মনোযোগ ওদিকেই দিচ্ছি।’