তিন শ যদি হতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়নের স্পিন খেলতে ঘাম ঝরেছে স্বাগতিক ব্যাটসম্যানদের। ছবি: এএফপি
লায়নের স্পিন খেলতে ঘাম ঝরেছে স্বাগতিক ব্যাটসম্যানদের। ছবি: এএফপি

প্যাট কামিন্সের পেস তোপে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে কাঁপছিল বাংলাদেশ। সৌম্য সরকার (৮), ইমরুল কায়েস (০) ও সাব্বির রহমানের (০) বিদায়ে করুণ কিছুই শঙ্কা জেগেছিল। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিন শর স্বপ্ন দেখে কে!

বাংলাদেশ টেস্টে সর্বশেষ প্রথম ইনিংসে ন্যূনতম ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল ২০০৪ সালে। এই ঢাকাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৩ বছর পর সেই ঢাকাতেই আবার একই জিনিসের পুনরাবৃত্তি। কিন্তু নিজেদের ৫০তম টেস্টের উপলক্ষটা যে সাকিব-তামিম যেভাবে স্মরণীয় করে রাখলেন, সেটি দুর্দান্ত। তাঁদের ব্যাটে ভর করে স্পিন-বান্ধব উইকেটেও তিন শ রানের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।
চতুর্থ উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে দলকে তিন শর ভিতটা গড়েই দিয়েছিলেন সাকিব-তামিম। দলের বাকি ব্যাটসম্যানদের দায়িত্ব ছিল সেই ভিতের ওপর দাঁড়িয়ে স্কোরটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া। কিন্তু তাঁরা পারেননি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন দুজনই। কিন্তু হয়নি। ম্যাচের ধারার বিপরীতে তামিমের ওই আউটের পরই তিন শ ছোঁয়ার স্বপ্ন থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে বাংলাদেশ। এর আগ পর্যন্ত অস্ট্রেলীয় বোলারদের শাসন করেছেন সাকিব-তামিম। তখন কিন্তু তিন শ রান স্বপ্ন নাগালের মধ্যেই ছিল। ৪ উইকেটে ১৬৫ রান নিয়ে বাকি ৬ উইকেটে সংগ্রহটা ২৬০-এর বেশি নিতে পারল না বাংলাদেশ।
তামিম আউট হওয়ার পরও সাকিবের ব্যাটে টিকে ছিল তিন শ রানের স্বপ্ন। তিনি খেলেছেন তাঁর নিজস্ব ছন্দেই। শুরুতে দল যখন বিপর্যয়ে, তখন সাকিব গিয়েছেন পাল্টা আক্রমণে। কোনো ছক্কা না হাঁকালেও ১১টি বাউন্ডারি ছিল তাঁর ইনিংসে। হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৬৫ বলে!
সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রানে দূরে থাকতে নাথান লায়নের ‘এক্সট্রা বাউন্সে’র শিকার হন সাকিব। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৮। মুশফিক-নাসির-মিরাজের ব্যাটে তখনো টিকে ছিল তিন শ রানের স্বপ্ন। কিন্তু ৭২ রান তুলতেই ভোজবাজির মতো নেই বাকি ৫ উইকেট! এর নেপথ্যে স্পিন-বান্ধব উইকেট এবং অস্ট্রেলীয় স্পিনারদের ভেলকি যতটা, শেষ দিকের স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যর্থতা তার চেয়ে কম কিছু না। শেষ দিকে চোয়াল শক্ত করে দাঁড়াতে পারলে তো তিন শ হতেই পারত! দিন শেষে ১৫ রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট হারিয়ে ফেলার পর তিন শ না করতে পারার আফসোসটা যেন একটু বেশি করেই হচ্ছে।