তিন সংস্করণেই অধিনায়ক ডু প্লেসি
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক কে?
উত্তর দেওয়ার আগে পাল্টা প্রশ্ন ছুড়তে হতো কোন সংস্করণের অধিনায়ক। আপাতত এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেছে। টি-টোয়েন্টি ও টেস্টের পর দক্ষিণ আফ্রিকা যে কাল ফাফ ডু প্লেসির হাতে ওয়ানডে দলের দায়িত্বও তুলে দিয়েছে। ২০১০ সালে গ্রায়েম স্মিথ টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর এবারই প্রথম তিন সংস্করণেই একজন অধিনায়ক পেল দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে দলের দায়িত্বটা যে ডু প্লেসিই পাচ্ছেন, তা অনুমিতই ছিল। গত মাসে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে গিয়ে এবি ডি ভিলিয়ার্স প্রশংসায় ভাসিয়েছিলেন ‘অধিনায়ক’ ডু প্লেসিকে, ‘ফাফ ডু প্লেসি টেস্ট ও টি-টোয়েন্টিতে অসাধারণ এক অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এটা মনে রেখেই ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ) জানিয়ে দিয়েছি আমি ওয়ানডে অধিনায়কত্বও ছাড়তে চাই।’
ডু প্লেসির হয়ে কথা বলছে পরিসংখ্যানও। ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে যে নয়টি ওয়ানডেতে অধিনায়ক ছিলেন ডু প্লেসি, তার আটটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসির অধিনায়কত্বে ১৪ টেস্টের আটটিতে জিতেছে প্রোটিয়ারা, হেরেছে তিনটিতে। টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের অনুপাতটা ১৯-১৩।
৩৩ বছর বয়সী ডু প্লেসি এখন আছেন পাকিস্তানে। বিশ্ব একাদশের অধিনায়ক ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক থেকে পুরোপুরি ওয়ানডে অধিনায়ক হবেন আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে। ক্রিকইনফো।