তিন সংস্করণেই কিউই অধিনায়ক উইলিয়ামসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার তিন সংস্করণেই অধিনায়ক হচ্ছেন উইলিয়ামসন। সংগৃহীত ছবি
এবার তিন সংস্করণেই অধিনায়ক হচ্ছেন উইলিয়ামসন। সংগৃহীত ছবি

ঘোষণাটি যে আসবে, তা অনুমিতই ছিল। বরং কেন এত দেরি হচ্ছে, সে প্রশ্নই উঠছিল ঠারেঠুরে। ব্রেন্ডন ম্যাককালামের উত্তরসূরি কে হবেন, সেটি তো আসলে জানাই ছিল। অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটেছে, তিন সংস্করণেই নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন কেন উইলিয়ামসন। 

নিউজিল্যান্ড ক্রিকেটকে সেরা সাফল্য উপহার দেওয়া ব্রেন্ডন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন গত ফেব্রুয়ারিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্ষুদ্রতম সংস্করণের অধিনায়ক করা হয়েছিল উইলিয়ামসনকে। কিন্তু ওয়ানডে ও টেস্ট অধিনায়ক কে হচ্ছেন, সে ব্যাপারে কোনো তথ্য জানাতে রাজি হয়নি নিউজিল্যান্ড ক্রিকেট। তখন বলা হয়েছিল, এত তাড়াহুড়ার কিছু নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই জানানো হবে।
নিউজিল্যান্ড ক্রিকেট তাদের কথা রেখেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে উইলিয়ামসনের অধীনে উড়ন্ত সূচনা করেছিল নিউজিল্যান্ড, গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতে সেমিতে পৌঁছে গিয়েছিল। তাই অন্যান্য সংস্করণেও তাঁর কাঁধেই দলের নেতৃত্ব তুলে দিচ্ছে বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘অনেক দিন ধরেই কেন একজন নেতা হয়ে উঠেছে। সে যে ভালো অধিনায়ক হয়ে উঠছে, তা দেখিয়েছে।’
দায়িত্ব পেয়েই নিউজিল্যান্ডকে বড় স্বপ্ন দেখাচ্ছেন উইলিয়ামসন, ‘এটা অনেক বড় সম্মান। এ দল আরও অনেক কিছু অর্জন করতে পারবে।’