তিন সংস্করণেই জিততে চান হাথুরু
টেস্ট ও ওয়ানডে, দুটিতেই ম্যান অব দ্য সিরিজ। ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ে দলকে নেতৃত্ব দেওয়া। ২০০৯ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল সাকিবময়। এবার সিরিজপূর্ব ঘটনাপ্রবাহ সাকিবময়। না থেকেও আছেন সাকিব। দলে নেই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে যেকোনো আলোচনায় শুরুতেই সাকিব আল হাসানের থাকাটা অবধারিত। চন্ডিকা হাথুরুসিংহেকেও এই প্রশ্ন শুনতে হয়েছে বেশ কবার। বাংলাদেশ দলের কোচের কথার সুর প্রায় একই থাকলেও কণ্ঠের সুর একেক সময় ছিল একেক রকম। কখনো চড়া, কখনো নরম। কাল অবশ্য ভালোভাবেই সামলালেন সাকিব প্রসঙ্গ।
কাল সংবাদ সম্মেলনের শুরুই সাকিবকে দিয়ে। নিজের পুরোনো কথাই একটু ঘুরিয়ে বললেন হাথুরুসিংহে, ‘সাকিব হলো একের মধ্যে দুই। ওর পরিবর্ত খুঁজে পাওয়া মুশকিল। তবে ওকে পাব না জেনেই আমরা পরিকল্পনা সাজিয়েছি। যথেষ্ট রসদও আছে আমাদের হাতে। যাদের পেয়েছি তাদের নিয়েই আমি খুশি।’
দল নিয়ে তো খুশি। কিন্তু সিরিজ শেষেও কোচের মুখে হাসি থাকবে তো? বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই যা হয়েছে, সেটাকে এককথায় বলা যায় বিভীষিকা। ভারতের দ্বিতীয় সারির দলের কাছে নিজ দেশেই লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানে পরীক্ষাটা আরও কঠিন হওয়ার কথা। কিন্তু কোচের লক্ষ্য তিন সংস্করণেই সিরিজ জয়। বাস্তবে সেটা সম্ভব কি না বলতেই পাল্টা প্রশ্ন, ‘কেন নয়?’
দায়িত্ব নিয়েই ভারত সিরিজে যে দুর্দশা দেখেছেন হাথুরুসিংহে, সেটার শুরু আসলে বছরের শুরুতে। এ বছরটা দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের। কোচ তবু ক্যারিবিয়ান জয়ের স্বপ্ন দেখছেন অনুশীলন আর প্রস্তুতির ভরসায়, ‘লম্বা সময় ধরে কঠোর অনুশীলন করেছি আমরা। রমজানের আগে সবার ব্যক্তিগত খেলা নিয়ে কাজ করেছি। রমজানের পর কাজ হয়েছে দলগতভাবে। দুটি প্রস্তুতি ম্যাচেও সবাইকে লক্ষ্য ও ভূমিকা বেঁধে দেওয়া হয়েছিল। অনুশীলনে ও ম্যাচে ছেলেরা যা করেছে, তাতে আমি খুশি। আশা করি, আসন্ন সিরিজে সেটার প্রতিফলন পড়বে।’