তিন সেঞ্চুরিতে অসহায় শফিউল-মিরাজরা

ম্যাচটা দুই দিনের। কিন্তু বিজয় শংকরের ব্যাটিং দেখে এটিকে টি-টোয়েন্টিই মনে হচ্ছিল। ৮১ বলে ১০৩ রানের ইনিংসে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন। প্রস্তুতি ম্যাচে শফিউল-মিরাজদের খাবি খাইয়ে ৪৬১ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত ‘এ’ দল।
দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের জুটিতেই বাংলাদেশের বোলারদের অবস্থা বোঝা গিয়েছিল। তবে ৪৪ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন তাইজুল-শুভাশিস রায়। ২৮৭ রানে ৭ উইকেট তুলে নেওয়ার পরও ভারত ‘এ’ দলকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। শংকর ও নয়ে নামা নিতিন সাইনি সেটি হতে দেননি। অষ্টম উইকেটে তারা তোলেন ১১৫ রান। ১৪ চার ও ৩ ছক্কায় ১০৩ রানে অপরাজিত ছিলেন শংকর। আর তাইজুল ইসলামের বলে আউট হওয়ার আগে সাইনি করেছেন ৬৬ রান। শংকরের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক দল। তাঁর আগে সেঞ্চুরি পেয়েছেন প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল (১০৩) ও শ্রেয়াশ আয়ার (১০০ অবসর)
৫৭ রানে ৩ উইকেট পেয়েছেন শুভাশিস। তাইজুলের ৩ উইকেট এসেছে ১৪১ রানে। মেহেদী হাসান মিরাজের জন্য দিনটা বড় কঠিন গেল। ১৬ ওভার বল করে ৯২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
২৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬২। তামিম ইকবাল ৩৪ আর সৌম্য সরকার ২৩ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম (৫৮) ও সৌম্যর (৫২) ফিফটিতে ৮ উইকেটে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।