তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানপাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ শামির বলটিতে মঈন আলী কী করতে চাইলেন বোঝা গেল না। রাউন্ড দ্য উইকেটে একজন বোলার বল করছেন, অফ স্টাম্পের একটু বাইরে পিচ করা সে বল ছেড়ে দিলেন ইংলিশ অলরাউন্ডার! দিনের সপ্তম ওভারেই আউট মঈন। তবে এমন ভালো শুরুর পরও দিনটা ভালো যায়নি ভারতের।
প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছেন জো রুট। কাল দ্বিতীয় দিনের তৃতীয় বলেই মঈন। দিনের মধ্যভাগে সেঞ্চুরি হয়ে গেল বেন স্টোকসেরও। এক ইনিংসেই তিনজনের সেঞ্চুরি! উপমহাদেশে এর আগে এক ইনিংসেই তিন ইংলিশ ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনাটি অর্ধশতাব্দী পুরোনো। ১৯৬১ সালে ভারতেরই বিপক্ষে কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জিওফ পুলার, কেন ব্যারিংটন ও টেড ডেক্সটার।
সেঞ্চুরির সংখ্যাটা দুই হতে পারত। সেঞ্চুরির আগেই চারবার জীবন পেয়েছেন স্টোকস। ৬০ ও ৬১ রানে দুবার তাঁর ক্যাচ ফেলেছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। দুবারই দুর্ভাগা বোলারের নাম উমেশ যাদব। স্টোকস ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা পেয়েছেন জাদেজাকে কভার দিয়ে দুর্দান্ত এক চার মেরে।
সেঞ্চুরির পরও দুবার জীবন পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার। যাদবের বলে ওই সাহার ক্যাচ হয়েই যখন আউট হলেন, স্টোকসের নামের পাশে ১২৮। ইংল্যান্ডের স্কোরও পেরিয়েছে পাঁচ শ। চার বছর পর ভারতে কোনো সফরকারী দল পাঁচ শ পেরোল। আগের দলটিও ইংল্যান্ড।
ইংল্যান্ডের ৫৩৭ রানের জবাব দিতে নেমে বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। তবে পিচে এরই মধ্যে অসমান বাউন্স দেখা দিয়েছে, উঁকিঝুঁকি দিচ্ছে ফাটল। আজ ভারতীয় ব্যাটিংকে তাই বড় পরীক্ষাই দিতে হবে। উল্টো দিকে ইংল্যান্ড অনেকটাই নির্ভার, ভারতে প্রথম ইনিংসে ৫০০ করে কোনো দল হারেনি কখনো। স্টার স্পোর্টস।