তিন সেঞ্চুরির দিন
পাশাপাশি দুই মাঠ। কিন্তু কাল কক্সবাজারে দুই মাঠে খেলা শুরু হলো সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে। ঠিক সময়ে শুরু হওয়া একাডেমি মাঠ দেখেছে রানবন্যা। ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম কিছুটা হলেও সাহায্য করেছে বোলারদের।
একাডেমি মাঠে ৫ উইকেটে ২৮৩ রান নিয়ে দিন শুরু করে ঢাকা বিভাগ অলআউট হওয়ার আগে যোগ করেছে আরও ২৪০ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ৩৩ রানে দিন শুরু করা তাইবুর রহমান। ষষ্ঠ উইকেটে নাদিফ চৌধুরীকে নিয়ে ১৫৮ যোগ করা তাইবুর অষ্টম উইকেটে জাহিদুজ্জামানকে নিয়ে এরপর যোগ করেছেন ১১৩। বরিশাল দিন শেষ করেছে ১ উইকেটে ১০৩ রান নিয়ে।
মূল স্টেডিয়ামে সেঞ্চুরি পেয়েছেন খুলনার নুরুল হাসান। ছয়ে নেমে ১০৩ রানে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার। তঁার দল করেছে ২৯৩। এরপর কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছে ঢাকা মহানগর।
ফতুল্লায় দ্বিতীয় স্তরের ম্যাচে ফলোঅন এড়াতে লড়ছে চট্টগ্রাম বিভাগ। সিলেটের ৪৪৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১১৫ রান তুলেছে চট্টগ্রাম। সিলেটের ইনিংসে অলক কাপালির পর সেঞ্চুরি পেয়েছেন মাত্র তৃতীয় ম্যাচ খেলা শাহানুর রহমান। পরে অফ স্পিনে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার। বিকেএসপিতে ২৩৪ রানের পুঁজি নিয়েও লিড নেওয়ার স্বপ্ন দেখছে রংপুর। ৯৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল রাজশাহী। এরপর জুনায়েদ ও সানজামুল মিলে দলকে নিয়ে গেছেন ১৫৯ রানে।