তিন সেঞ্চুরির দিনে শরীফ

একেকটা উইকেট পাচ্ছিলেন আর মেতে উঠছিলেন উল্লাসে। তা এই ম্যাচে মোহাম্মদ শরীফের এমনিতেই একটু বেশি রোমাঞ্চিত থাকার কথা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা যে তাঁর শততম ম্যাচ! কিন্তু শরীফও কি জানতেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৬তম জাতীয় লিগের এই মাইলফলক ম্যাচটাকে তিনি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন দারুণ এক সাফল্যে?
২৪ রানে ৬ উইকেট নিয়ে বলতে গেলে ঢাকার অধিনায়ক শরীফ একাই শেষ করে দিয়েছেন বরিশালের ইনিংস। বরিশালকে ১৩৯ রানে থামিয়ে দিয়ে প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ বিনা উইকেটে ১৮০। লিগের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে অপরাজিত ওপেনার রনি তালুকদার (১০৩*)।
প্রথম দিনে সেঞ্চুরি হয়েছে আরও দুটি। ফতুল্লা স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে নাঈম ইসলামের ১০৭ রানের সৌজন্যে কম রানে অলআউটের লজ্জা এড়িয়েছে রংপুর। দিন শেষে রান ৮ উইকেটে ২১৮। অন্য সেঞ্চুরিটি ঢাকা মহানগরের ওপেনার মেহেদি মারুফের। বিকেএসপি-৩ নম্বর মাঠে তাঁর ১৪১ রান তিন শ (৩০২) পার করিয়েছে দলকে। দিন শেষে বিনা উইকেটে ৮ রান রাজশাহীর। বিকেএসপি-২ নম্বর মাঠের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে প্রথম দিনে ৪ উইকেটে ২৮০ রান করেছে খুলনা।
ঢাকা বিভাগ-বরিশাল
শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে বল ভালোই উঠছিল। তবে বাউন্সটা এমন নয় যে ব্যাটসম্যানরা খেলতে পারবেন না। মাঠে থাকা নির্বাচক হাবিবুল বাশারের পর্যবেক্ষণ, ‘এ রকম বাউন্সেই তো ব্যাটিং করতে সুবিধা...।’ অথচ বরিশালের ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে দাঁড়াল ওই স্বাভাবিক বাউন্সই!
১৮ রানের মধ্যে দুই ওপেনারকেই ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরুটা শরীফের হাতে। ৫-৩-৮-২—প্রথম স্পেলটাই যথেষ্ট ভীতিজাগানিয়া হলেও বরিশালের ব্যাটসম্যানরা শরীফের রুদ্রমূর্তি বেশি দেখল ৪.৩ ওভারের শেষ স্পেলে। মাত্র ১৪ রানে শেষ ৫ উইকেট হারায় বরিশাল, ওই স্পেলে যার চারটাই নেন শরীফ।
শরীফের পর ঢাকার দুই ওপেনারও বরিশালের দিনটাকে দুঃস্বপ্নের করে দিতে ভূমিকা রেখেছেন। চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে আবদুল মজিদ (৭০*) ও রনি দিন শেষ হওয়ার আগ পর্যন্ত যে ৩৯ ওভার ব্যাট করলেন, তাতে ৬ বোলার ব্যবহার করেও ব্যর্থ বরিশাল অধিনায়ক কামরুল ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরির ইনিংসের শুরুতে একটু মারমুখী থেকে রনি ফিফটি করেছেন ৪৩ বলে। তবে সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন ১১০ বল।

চট্টগ্রাম-রংপুর
অষ্টম ওভারের দ্বিতীয় বলে ওপেনার লিটন কট বিহাইন্ড। এক বল পর এলবিডব্লু হয়ে ফেরেন ওয়ান ডাউনে নামা তারিক আহমেদও। আরেক ওপেনার সায়মনকেও এলবিডব্লু করে চট্টগ্রামের পেসার মনিরুজ্জামান তাঁর তৃতীয় আঘাতটা হানেন ইনিংসের ১৪তম ওভারে। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো খোঁড়াতে থাকা রংপুর লাঞ্চ করতে যায় ওই ৩ উইকেটে ৪৯ রান নিয়ে। কিন্তু নাঈমের সেঞ্চুরি এই যাত্রা বাঁচিয়ে দেয় তাদের। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তাঁর ১৪তম ও জাতীয় লিগে ১২তম সেঞ্চুরি। চতুর্থ উইকেটে মাহমুদুল হাসানের (৩০) সঙ্গে ৬০ ও সপ্তম উইকেটে মোহাম্মদ সোহরাওয়ার্দীর (৩৬*) সঙ্গে ৭১ রানের জুটি গড়েন নাঈম।
রাজশাহী-ঢাকা মহানগর
ঢাকা মহানগরের ইনিংসের মেরুদণ্ড হয়ে ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে মেহেদির প্রথম সেঞ্চুরিটা। ৮০ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ ও পঞ্চম উইকেটে আসিফ আহমেদ ও মেহরাব জুনিয়রের সঙ্গে গড়েছেন ১০৭ ও ৭৫ রানের জুটি। কিন্তু মেহেদির বিদায়ের পরই তাসের ঘর ঢাকা মহানগরের ইনিংস!
পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন ওপেনার মেহেদি, দলের রান ২৬২। ঢাকা মহানগর এরপর আর মাত্র ৪০ রান যোগ করেই অলআউট। তাতে মূল ভূমিকা অবশ্যই সানজামুল ইসলামের। মেহেদিকে কট বিহাইন্ড করার পর ঢাকা মহানগর দলের শেষ ৫ উইকেটের আরও দুটি গেছে রাজশাহীর এই বাঁহাতি স্পিনারের দখলে।
খুলনা-সিলেট
খুলনার সামনে বড় রানের দরজা খুলে দিয়েছেন দলের টপ-মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। দিন শেষে ১ রানে অপরাজিত নুরুল হাসান ছাড়া আর যে পাঁচ ব্যাটসম্যান ব্যাটিং করেছেন তাঁদের মধ্যে ফিফটি করেছেন চারজনই। অবশ্য ফিফটির পর ইনিংসটাকে আরও বড় করতে পারেননি কেউই। যা একটু সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন দিন শেষে ৫৫ রানে অপরাজিত তুষার ইমরান।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ৩০২ (মেহেদি ১৪১, আসিফ ৪৪, মেহরাব জুনিয়র ৩৭, শামসুর ২২, সৈকত ২১; সানজামুল ৪/৯৮, ফরহাদ ৩/৪৮, মুক্তার ২/৩৯, দেলোয়ার ১/২০)। রাজশাহী ১ম ইনিংস: ৩ ওভারে ৮/০ (মিজানুর ৭*, জহুরুল ১*)।
রংপুর ১ম ইনিংস: ৮৯ ওভারে ২১৮/৮ (নাঈম ১০৭, সোহরাওয়ার্দী ৩৬, মাহমুদুল ৩০; মনিরুজ্জামান ৩/৩৮, ফয়সাল ২/৩০, আলাউদ্দিন ২/৩৪, নূর হোসেন ১/৪৮)।
খুলনা ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮০/৪ (ইমরুল ৬৩, অমিত ৬০, মিঠুন ৫৭, তুষার ৫৫*, রবিউল ২৫; অলক ১/২২, সাদিকুর ১/৫৪, এনামুল ১/৫৫, নাবিল ১/৬১)।
বরিশাল ১ম ইনিংস: ৫০.৩ ওভারে ১৩৯ (ফজলে রাব্বি ৫২, আল আমিন ৩০; শরীফ ৬/২৪, শাহাদাত ২/৪০, শুভাগত ১/২১, অপু ১/৩১)। ঢাকা ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৮০/০ (রনি ১০৩*, মজিদ ৭০*)।