তিন ৫০-এ কোহলিই প্রথম

তিন সংস্করণে জয়ের হিসাবে একটা রেকর্ডে বিরাট কোহলি অনন্যছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই টেস্টে বিরাট কোহলির গল্পটা অনেকটা তো এ রকমই। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেননি ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক, মুম্বাইয়ে আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ফিরেছেন। প্রথম টেস্টে জিততে জিততেও নিউজিল্যান্ডের শেষ মুহূর্তে দারুণ লড়াইয়ের কারণে জয়বঞ্চিত থেকে যাওয়া ভারতও আজ মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই ৩৭২ রানের বিশাল জয় পেয়েছে। তাতে দুই টেস্টের সিরিজও ভারতের জেতা হয়ে গেল।

হয়ে গেল কোহলির একটা রেকর্ডও। সময়ের সেরাদের মধ্যে তিন সংস্করণেই তাঁর দাপটই সবচেয়ে বেশি বলে মানেন অনেকে। নতুন এই রেকর্ড কোহলির সেই দাপটকে আরও ভালোভাবে বোঝাবে। বোঝাবে কোহলির সময়ে তিন সংস্করণে ভারতীয় দলের দাপটের চিত্রও।

আজকের জয়টি ছিল টেস্টে কোহলির ক্যারিয়ারের ৫০তম জয়। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ৫০টি করে জয় তো আগেই পেয়েছেন, আজকের জয়ে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই ৫০টি করে জয় হয়ে গেল কোহলির!

‘অভিনন্দন, বিরাট কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই ৫০ জয় পাওয়া প্রথম খেলোয়াড়’—ম্যাচের পরই আজ টুইটে কোহলির রেকর্ডে অভিবাদন জানিয়ে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের টুইট।

এই টেস্ট যে কোহলির ভারত জিততে চলেছে, সেটা গতকালই প্রায় নিশ্চিত হয়ে ছিল। নিউজিল্যান্ডকে চতুর্থ ইনিংসে ৫৪০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত, ম্যাচের তখন বাকি ছিল আরও দুই দিনের বেশি! চতুর্থ-পঞ্চম দিনে ভেঙে যাওয়া উইকেটে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলকে সামলাতে হতো নিউজিল্যান্ডকে।

ম্যাচ শেষে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে হাস্যরসে মগ্ন কোহলি
ছবি: এএফপি

তার ওপর নিউজিল্যান্ডকে ভয় দেখাতে রেকর্ড তো ছিলই। টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড এখনো নেই, ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডই ৩৪২ রানের। তা-ও সেই ১৯৭৭ সালে পার্থে এ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।

ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি তাড়া করে জয়ের রেকর্ড ২৭৬ রানের, ওয়েস্ট ইন্ডিজের সেই রান তাড়া করে জয়ের রেকর্ডেরও বয়স ৩৪ বছর! ভারতের বিপক্ষে বাদ দিন, ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ভারতীয় দলেরই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৮৭ রানের!

ব্যাট হাতে সময়টা অবশ্য খুব একটা ভালো কাটছে না
ছবি: এএফপি

প্রথম টেস্টে দারুণ লড়ে ড্র করা নিউজিল্যান্ডের পক্ষে ড্র করাও কঠিন ছিল। এবার আর নিউজিল্যান্ড লড়তেই পারল না। গতকালই ১৪০ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড, আজ চতুর্থ দিনের সকালেই সব হিসাব–নিকাশ চুকেবুকে দিল ভারত।

তাতে ভারতের রেকর্ড, ইনিংস ব্যবধানে জয়ের হিসাবের বাইরে, অর্থাৎ দুই ইনিংস ব্যাটিং করতে হয়েছে, এমন টেস্টে রানের হিসাবে সবচেয়ে বড় জয় ভারতের। প্রতিপক্ষ দুই টেস্টে ব্যাটিং করেছে, এমন ম্যাচে নিউজিল্যান্ডেরও এটি সবচেয়ে বড় ব্যবধানের হার। এর মধ্যে রেকর্ড হলো কোহলিরও।

ক্যারিয়ারের ৯৭তম টেস্টে এসে ৫০তম জয়ের দেখা পেলেন কোহলি। ওয়ানডেতে ২৫৪ ম্যাচে তিনি জয়ের স্বাদ পেয়েছেন ১৫৩টি ম্যাচে। টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচে জয় ৫৯টি।