তিন 'কঠিনে'র সামনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী লুকিয়ে আছে খুলনা টেস্টের শেষ দুদিনে? তৃতীয় দিন শেষে সামনে তাকালে তিনটি সম্ভাব্য ফলাফলের মধ্যে ড্রটাকেই সবচেয়ে উজ্জ্বল দেখাচ্ছে। ব্যাটে-বলে খুব অস্বাভাবিক কিছু না ঘটলে এই টেস্টে ফলাফলের সম্ভাবনা কমই। কাল দিন শেষের সংবাদ সম্মেলনে এসে অবশ্য সাকিব আল হাসান বাংলাদেশের জয়েরও একটা সমীকরণ দেখালেন। শুধু শর্ত জুড়ে দিলেন তিনটি কঠিন কাজের—
* ‘কাল (আজ) যত তাড়াতাড়ি সম্ভব, পারলে এক ঘণ্টার মধ্যে ওদের পাঁচটি উইকেট নিতে হবে, যেটা কঠিন...’
* ‘সঙ্গে আমাদের ব্যাটিং ভালো করতে হবে। তাড়াতাড়ি রান করতে হবে, যেটা এই উইকেটে করা কঠিন...।’
* ‘তারপর আবার ওদের দশটি উইকেট নিতে হবে। যেটা এই পিচে খুবই কঠিন।’
পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। সাকিবও কঠিন-কঠিন করতে করতে শেষটা করলেন আশা দিয়ে, ‘সবগুলো কাজই কঠিন, কিন্তু অসম্ভব না। যদি এ রকম সবকিছু করা যায় এবং এই যদিগুলো যদি হয়, তাহলে ম্যাচ জেতা সম্ভব।’
সাকিবের বলা কঠিন শর্তগুলো বাংলাদেশ দল পূরণ করতে পারলে ভালো। না পারলে সেটাতে বাংলাদেশ বা জিম্বাবুয়ে দলের যা-ই অবদান থাকুক না কেন, বেশি অবদান বোধ হয় থাকবে শেখ আবু নাসের স্টেডিয়ামের উইকেটেরই। তিন দিনের খেলা শেষ, অথচ কাল শেষবেলায়ও উইকেট ভাঙল না! মাঠ-সংশ্লিষ্টদের অনুমান, আজও সেটির স্পিন-সহায়ক হয়ে ওঠার সম্ভাবনা কমই।
স্পিননির্ভর স্বাগতিক হিসেবে বাংলাদেশ দলের জন্য এই তথ্য হতে পারে চরম হতাশার। তার ওপর উইকেটে বুক চিতিয়ে দাঁড়িয়ে হ্যামিল্টন মাসাকাদজা। টেস্টে নিজের চতুর্থ এবং বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি করে কাল দিনশেষে অপরাজিত ১৫৪ রানে। প্রথম ইনিংসে সাকিব আল হাসান আর তামিম ইকবালের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪৩৩ করলেও মাসাকাদজার ওই এক সেঞ্চুরিই তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের স্কোরবোর্ডটাকে করে রেখেছে আলোকিত—৫ উইকেটে ৩৩১। শুধু মাসাকাদজাই যে পাহাড় হয়ে দাঁড়িয়েছেন তা নয়, ৭৫ রানে অপরাজিত থেকে চোখ রাঙাচ্ছেন রেজিস চাকাভাও।
মাসাকাদজা ও চাকাভা অবশ্য তাঁদের এই সাফল্যের জন্য যৌথ ধন্যবাদপত্র পাঠাতে পারেন বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। এ ধরনের উইকেটে একেকটি আউটের সুযোগ হীরার চেয়েও দামি, কারণ এর পরের সুযোগটা কখন আসবে কেউই তা জানে না। অথচ বাংলাদেশ দল এক মাসাকাদজাকেই জীবন ফিরিয়ে দিল দুবার, চাকাভাকেও একবার! দ্বিতীয় দিন শেষে ১৫ রানে অপরাজিত মাসাকাদজাকে ফিরিয়ে দেওয়া যেত কাল দিনের প্রথম ওভারে। রুবেল হোসেনের বলটা তাঁর ব্যাটের বাইরের কানায় লেগে ক্যাচ উঠে গিয়েছিল স্লিপের দিকে। প্রথম স্লিপে দাঁড়ানো শামসুর রহমান হাত বাড়িয়েও ধরতে পারেননি সেটা। শামসুর অবশ্য বলতে পারেন, ওটা তাঁর আওতার বাইরে দিয়ে যাচ্ছিল। সে ক্ষেত্রে প্রশ্ন জাগে, টেস্ট ক্রিকেটে দিনের প্রথম ওভারটা যখন করছেন একজন পেসার, তখন স্লিপে মাত্র একজন ফিল্ডার কেন?
ওই সুযোগটা নিতে পারলে আগের দিন করা ১৫ রানেই ড্রেসিংরুমে ফিরে যেতে হতো দিনশেষে জিম্বাবুয়েকে বটবৃক্ষের ছায়া দেওয়া মাসাকাদজাকে। তবে এর ঠিক পরের ওভারেই ১৯ রানে আবারও আউটের সুযোগ দিয়েছিলেন তিনি এবং এবার তা এতই সহজ ছিল যে, ক্যাচটা নিতে না পারার কোনো ব্যাখ্যাই থাকার কথা নয় শামসুরের কাছে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলটা মাসাকাদজার ব্যাটে লেগে সোজা গেল প্রথম স্লিপে দাঁড়ানো ফিল্ডার শামসুরের দিকে। কিন্তু বলটা তাঁর বাড়িয়ে দেওয়া হাত এড়িয়ে চলে গেল পায়ের ফাঁক গলে। সাকিবের বলে মুশফিকুর রহিমের স্টাম্পিং মিসে ৪ রানে আউটের হাত থেকে বেঁচেছেন চাকাভাও।
বাংলাদেশের ফিল্ডারদের এসব ব্যর্থতা দিনশেষে জিম্বাবুয়েকে কোথায় নিয়ে গেছে তা তো দেখতেই পাচ্ছেন। সঙ্গে মাসাদাকজা-চাকাভার ষষ্ঠ উইকেট জুটির কৃতিত্বটাও জেনে রাখুন। দিনশেষে দুজন মিলে ১৪২ রান তুলেও অবিচ্ছিন্ন, ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে যা জিম্বাবুয়ের সর্বোচ্চ।
আগের দিন বড় জুটি দেখেছে বাংলাদেশও। চতুর্থ উইকেটে তামিম-সাকিবের সেই ১৩২ রানের জুটিতেই প্রথম ইনিংসে দলের স্কোর ৪৩৩-এ গিয়ে ঠেকেছে। ম্যাচে এই দুই ব্যাটসম্যানের গল্প আছে আরও। প্রথম দিন শেষে ৭৪ রানে অপরাজিত থাকা তামিম প্রায় সাড়ে চার বছর পর পেলেন আরেকটি টেস্ট সেঞ্চুরি (১০৯)। ১৩৭ রান করে ওয়ালারের বলে বোল্ড হওয়া সাকিবেরটি এসেছে প্রায় তিন বছর পর। বাড়তি তথ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই বন্ধুর শত রানের জুটি এটিই প্রথম। অবশ্য টেস্টে সাকিব-তামিম জুটিই গড়েছেন মাত্র চারবার।
প্রথম ইনিংসে ৪৩৩ রান হয়ে যাওয়ার পর বাংলাদেশ দল হয়তো কিছুটা স্বস্তিতেই ছিল। কিন্তু এই উইকেটে ৪৩৩ রান যে জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষকেও চাপে ফেলতে যথেষ্ট নয়, সেটা এখন ভালোভাবে প্রমাণিত। বাজে ফিল্ডিংয়ের সঙ্গে তাই বাংলাদেশ শিবিরে আরও একটা আফসোসও যোগ হচ্ছে—ইশ্! প্রথম ইনিংসের রানটা যদি উঠত আরেকটু দ্রুত, যদি রানটা হতো আরেকটু বেশি!

৩য় দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩৩
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৩১/৫