তিনটি দায়িত্বই উপভোগ করছেন মুশফিক

২০১৭ সালটা মুশফিকুর রহিম শুরুই করেছেন সেঞ্চুরি দিয়ে। এখন পর্যন্ত খেলা দুটি টেস্টেই ছুঁয়েছেন তিন অঙ্ক। ব্যাটিংয়ে দুর্দান্ত হলেও কিপিং আর মুশফিকের অধিনায়কত্ব নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। কিপিং-অধিনায়কত্ব ছাড়লে তাঁর ব্যাটিংটা আরও ভালো হবে কি না, এমন আলোচনাও হচ্ছে। মুশফিক অবশ্য কাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, তিন ভূমিকার কোনোটিই ছাড়ার ইচ্ছে নেই তাঁর।
যতই প্রশংসিত হোন, নিজেকে দলের সেরা ব্যাটসম্যান ভাবেন না মুশফিক। কিপিং-অধিনায়কত্ব কেন ছাড়বেন না, এ নিয়ে তাঁর যুক্তি, ‘আমার টেস্ট ব্যাটিং গড় তো ৩৩ বা ৩৪-এর বেশি নয়। আমি কীভাবে দলের সেরা ব্যাটসম্যান হতে পারি? যদি দুটি বা তিনটি দায়িত্বে থাকি, তার মানে বোর্ড বা ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখছে। আমার কাজ তিনটি দায়িত্বই ভালোভাবে পালন করা। যদি ভালো করতে না পারি, তারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’
তবে নিজে থেকে যেকোনো দায়িত্ব ছাড়বেন না, সেটি পরিষ্কার বলে দিয়েছেন মুশফিক, ‘তিনটি দায়িত্বই উপভোগ করছি। আমি মাঠে থাকতে ভালোবাসি। আমার মাঠে সময় কাটানোর উপায় হলো সেখানে দায়িত্ব পালন করা, ড্রেসিংরুমে বসে নয়। তারপরও কিছু হলে সিদ্ধান্ত নেওয়ার লোক আছে বাইরে। নেতৃত্বের বিষয়টি আমার হাতে নেই। বোর্ড চাইলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।’