তিনশ হলো না জিম্বাবুয়ের

জিম্বাবুইয়ান ক্রিকেট ছেড়ে দিচ্ছেন তিনি। দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা রান সংগ্রাহক ব্যাটসম্যানকে হারিয়ে জিম্বাবুইয়ান ক্রিকেটের অবস্থা ভবিষ্যকে কী হবে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু আজ অকল্যান্ডে বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে টেলরের ব্যাট যে হাওয়ায় উড়তে থাকা ভারতীয় দলকে বড় পরীক্ষায় ফেলেছে, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, নেই কোনো প্রশ্ন। এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় আর ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটি পূরণ করেছেন তিনি। আর এই সেঞ্চুরির ওপর দাঁড়িয়েই ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে তুলেছে ২৮৭ রান। টেলর খেলেছেন ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস। এমন দারুণ একটা ইনিংসের পরেও সংগ্রহটা তিনশ না পেরোনোয় আফসোস হতেই পারে জিম্বাবুয়ের।
জিম্বাবুইয়ান ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ব্রেন্ডন টেলর। দেশের পক্ষে সবচয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরিও তাঁরই। রান সংগ্রহে টেলরের ওপরের দুটি স্থান, দুই বিখ্যাত ‘ফ্লাওয়ার’ ভাইয়ের। গ্র্যান্ট ফ্লাওয়ার আছেন এই তালিকার দ্বিতীয় স্থানে, অ্যান্ডি ফ্লাওয়ার প্রথম স্থানে। মজার ব্যাপার হচ্ছে জিম্বাবুইয়ান রাজনীতির বলি হয়ে দুই ‘ফ্লাওয়ার’ ভাইই দেশ ছেড়েছেন, ছেড়েছেন জাতীয় দল। টেলর রাজনীতির শিকার হয়েছেন কিনা, সেটা পুরোপুরি জানা না গেলেও দেশ ছাড়ছেন তিনিও। ইংল্যান্ডে যাচ্ছেন কাউন্টি ক্রিকেট খেলতে।
ভারতীয় বোলারদের নাকের পানি, চোখের পানি এক করে দিয়ে ব্রেন্ডন টেলর অবতীর্ণ হয়েছিলেন প্রলয়কারীর ভূমিকায়। ১১০ বলে, ১৫টি চার ও পাঁচটি ছয়ে সাজানো এই ইনিংসটি কেবল আফসোসই বাড়াবে। এমন মানের একজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাবেন—এটা ঠিক মেনে নেওয়া যায় না। নিজের শেষ ওয়ানডে ম্যাচটিতে টেলর যা খেলেছেন, তা এক কথায় অনন্যই। রবীন্দ্র জাদেজার করা ৪১ তম ওভারটিতে তিনি তুলে নেন ২৫ রান। মোহিত শর্মার বলে শিখর ধাওয়ানের ক্যাচে পরিণত হয়ে শেষ হয় তাঁর ইনিংসটি। টেলর পুরো ৫০ ওভার খেলে আসতে পারলে জিম্বাবুয়ের ইনিংসটি নিশ্চিতভাবেই হয়ত তিনশ পেরিয়ে যেত।
শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি জিম্বাবুয়ের। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।চতুর্থ উইকেট জুটিতে শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে টেলর যোগ করেন ৯৩ রান। উইলিয়ামস রবিচন্দ্রন অশ্বিনের বলে বট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন ৫০ রানে। ক্রেইগ অরভিনকে নিয়ে এরপর ১০৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েন টেলর। অরভিন আউট হন ২৭ রানে। সিকান্দার রাজা ১৫ বলে ২৮ রান করে দলের সংগ্রহকে তিনশ পার করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি। চাকাভা করেন ১০। জিম্বাবুয়ের ‘লেজ’ অবশ্য জ্বলে উঠতে পারেনি। পানিয়াঙ্গারা, মুপারিওয়া ও চাতারার অতিরিক্ত তাড়াহুড়োয় দলের সংগ্রহটা শেষ পর্যন্ত তৃপ্তির ঢেঁকুর তোলাতে পারেনি।
ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব ও মোহিত শর্মা। অশ্বিন একটি উইকেট নিলেও তিনি আজ রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছেন ভারতের পক্ষে একদিনের ক্রিকেটে সবচেয়ে খরচে বোলিং করে। ১০ ওভারে তিনি রান দিয়েছেন ৭৫!