তিনি কেন সাপের মতো নাচেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি উইকেট শিকার। আরও একবার সাপের মতো নাচলেন নাজমুল। ছবি: প্রথম আলো
আরও একটি উইকেট শিকার। আরও একবার সাপের মতো নাচলেন নাজমুল। ছবি: প্রথম আলো

উইকেট পেলেই দুই হাত মাথার ওপর এক করে সাপের মতো ফণা তোলেন। কখনো কখনো সেই ফণার তালে নাচেন! যেন বাংলা কিংবা হিন্দি সিনেমায় নাগ-নাগিনীর কোনো চরিত্র চলে এসেছে মাঠে! নাজমুল ইসলামের এ সর্প-নৃত্য দেখা যাচ্ছে গত বিপিএল থেকেই।

এবার অবশ্য খুব একটা দেখা যাচ্ছিল না উদ্‌যাপনটা। দেখা যাবেই বা কী করে—ম্যাচই তো খেলার সুযোগ পাচ্ছেন না নিয়মিত। যে চারটি ম্যাচ খেলেছেন, পেয়েছেন ২ উইকেট। নাজমুলের স্পিনে যে আসলেই বিষ আছে, সেটা আজ দেখা গেল সিলেট সিক্সারসের বিপক্ষে। রংপুর রাইডার্সের এই বাঁহাতি স্পিনার ৪ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। আর নাজুমলের উইকেট পাওয়া মানে তো বোঝেনই—সাপের নাচন!

আজ সংবাদ সম্মেলনে অদ্ভুত এই উদ্‌যাপনের গল্পটা শোনালেন নাজমুল, ‘গতবার রাজশাহী কিংসে খেলার সময় ড্যারেন স্যামিকে সাপের নাচ নেচে ভয় দেখাতাম! তারপর একদিন ম্যাচেও করলাম। এভাবেই নিয়মিত হয়ে যাচ্ছে।’

গত বিপিএলে যে কজন তরুণ বোলার আলো ছড়িয়েছেন, নাজমুল ছিলেন তাঁর অন্যতম। এবারও কতটা জ্বলে ওঠেন, সেটি সময় বলে দেবে। তবে ২৬ বছর বয়সী স্পিনার বললেন, রংপুর কোচ টম মুডির কাছ থেকে অনেক শেখা হচ্ছে তাঁর, ‘কোচ নিজের হাতে কিছু কাজ করাচ্ছে। যেমন তিন ম্যাচ খেলার পর চার ম্যাচ খেলিনি। তিনি আমাদের নিয়ে বাড়তি কাজ করেছেন। আমি সাইড-ওয়েজ বল করতাম। কীভাবে করলে ভালো হবে সেটা জানতাম না। কোচ আমাকে একটা অ্যাঙ্গেল দেখিয়ে দিয়েছেন। ওভাবে করতে গিয়ে দেখলাম ভালো হচ্ছে।’

টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন মাশরাফি বিন মুর্তজা। বিশেষ করে চিটাগংয়ের বিপক্ষে ১৭ বলে ৪২ রান তো এখনো চোখে লেগে আছে দর্শকদের। নাজমুলের সংবাদ সম্মেলনেও উঠল মাশরাফির ব্যাটিং, ‘ওই দিন (চিটাগংয়ের বিপক্ষে) পরিকল্পনা ছিল মাশরাফি ভাই যতক্ষণ ক্রিজে থাকবেন, ততক্ষণ তিনিই আক্রমণ করবেন। ক্রিস গেইল তাঁকে শুধু স্ট্রাইক দেবে। গেইল যদি উইকেটে থাকে তাহলে প্রতিপক্ষের বোলাররা একটা চাপে থাকে—কখন কী হয়, কখন কী হয়! ওভাবেই তিনি খেলেছেন আর ভাই (মাশরাফি) ভালো ছন্দে আছে।’