তিনি খেলবেন না, তিনি খেলবেন—সাকিব ও বিসিবির নাটকের প্রতিটি পর্ব
অবশেষে নাটকের শেষ হলো। তবে নাটকটা সাকিব আল-হাসানকে ঘিরে বলেই সংশয় থাকে, আসলেই কি শেষ? নাকি সামনেই নতুন কোনো মোড়!
সে পরে জানা যাবে। আপাতত খবর, তিন দিনের মধ্যে সাকিব আর বিসিবি নাটক ১৮০ ডিগ্রি বদল দেখল। দক্ষিণ আফ্রিকায় যেতে না চাওয়ায় তিন দিন আগে সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামে পাঠিয়েছিল বিসিবি, কিন্তু আজ বিসিবি কার্যালয়ে সাকিব ও বিসিবির সিদ্ধান্তের পর নতুন সিদ্ধান্ত—সাকিব দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন।
বারবার রঙ বদলানো এই সাকিব-বিসিবি নাটকের একেকটি পর্ব আরেকবার ফিরে দেখা যাক -
১৩ ফেব্রুয়ারি: আইপিএলে কোনো দল কেনেনি সাকিবকে
দুটি দল বেড়েছে আইপিএলে, দশ দলের ‘মেগা নিলাম’ হয়েছে। বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের মধ্যে নিলামে সাকিব আর মোস্তাফিজেরই দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। কিন্তু মোস্তাফিজকে পরে দিল্লি ক্যাপিট্যালস কিনে নিলেও নিলামে কোনো দল দরই হাঁকায়নি ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবের জন্য।
একে তো আইপিএলে সাকিবের পারফরম্যান্স তেমন আহামরি কখনোই ছিল না, তারওপর এবার আইপিএলের শুরু আর শেষে বাংলাদেশের দুটি সিরিজ সাকিবকে পাওয়া নিয়ে সংশয় জাগিয়েছে। আইপিএল শুরু হওয়ার কথা ২৭ মার্চ, আর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের তিন ওয়ানডের সিরিজ শুরু হবে ১৮ মার্চ, শেষ হবে ২৩ মার্চ। দুই টেস্টের সিরিজ ৩১ মার্চ শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর মে মাসে বাংলাদেশ দেশের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তখন আইপিএলের শেষ অংশ চলবে।
আইপিএল নিলামের আগে শোনা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে সাকিব খেলবেন না। পরে অবশ্য জানা গেছে, সাকিব আসলে প্রথমে ছয় মাসের জন্য টেস্ট থেকে ছুটি চেয়েছিলেন, পরে শ্রীলঙ্কা সিরিজে খেলতে রাজি হয়েছেন।
১৯ ফেব্রুয়ারি: সাকিবের ইচ্ছা জানার অপেক্ষায় বিসিবি
আইপিএলে খেলবেন ভেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে মৌখিক ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব। আইপিএলে দল না পাওয়ায় সাকিবকে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে-টেস্ট দুই সিরিজেই পাওয়ার সুযোগ তৈরি হয়। সাকিব নিজে কি যেতে চাইছেন, এ নিয়ে তখনো জল্পনা-কল্পনা ছিল। বিসিবিও ছিল সাকিবের সিদ্ধান্ত জানার অপেক্ষায়।
২৮ ফেব্রুয়ারি: সাকিব-নাজমুল বৈঠকের সম্ভাবনা
এর আগে তিনি দক্ষিণ আফ্রিকা (২০১৭), শ্রীলঙ্কা (২০২০) ও নিউজিল্যান্ড (২০২২) সফরে না যাওয়ায় সাকিবের টেস্টে আগ্রহ তো অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ। এবার আইপিএলে দল পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সফরের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব, কিন্তু আইপিএলে দল না পাওয়ার পরও টেস্ট খেলতে চাওয়া নিয়ে আগ্রহের কথা বলেননি।
সে কারণে আফগানিস্তান সিরিজের পর তাঁর সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের আলোচনায় বসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আলোচনায় সাকিবের এক বছরের পরিকল্পনা জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
২৮ ফেব্রুয়ারি: সাকিবকে নিয়ে টেস্ট সিরিজের দল, জানালেন বিসিবি সভাপতি
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান-বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, দক্ষিণ আফ্রিকায় সাকিবকে নিয়েই সাজবে বাংলাদেশ টেস্ট দল। সেদিন দুপূরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আফগানিস্তান সিরিজ শেষে সাকিব-নাজমুল বৈঠকের সম্ভাবনার কথা জানালেও সন্ধ্যায় নাজমুল বললেন, ওয়ানডে শেষে দূর থেকে সাকিবের সঙ্গে কথা হয়েছে তাঁর। সেখানে তিনি দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে ফেরার পর সাকিবের সঙ্গে কথা বলবেন জানানোর পর সাকিব ‘আপনি যা বলবেন’ বলেছেন—দাবি নাজমুলের।
সাকিব যেহেতু আইপিএলে খেলছে না, সাকিবের কাজটা কী? দল পেলে তো আইপিএলেই খেলতে যেত!
০৩ মার্চ: দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা
বিসিবি সভাপতি নাজমুল হাসান আগে যা নিশ্চিত করেছিলেন, তা-ই হলো। ওয়ানডে ও টেস্ট—দক্ষিণ আফ্রিকা সফরের দুই সিরিজের জন্যই সাকিবকে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। আপাতত নাটকের সমাপ্তি বলে মনে হচ্ছিল, কিন্তু সে যে নাটকে নতুন মোড়ের শুরু, তা তখন কে জানত!
০৬ মার্চ: সাকিবের ‘বোমা’
দুবাই যাচ্ছিলেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে। কিন্তু যাওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটকে আরও কয়েকদিন সরগরম করে রাখার ব্যবস্থা করে গেলেন সাকিব। ১১ মার্চ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল, তার পাঁচ দিন আগে বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বললেন, এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই তিনি। সর্বশেষ আফগানিস্তান সিরিজে দলে নিজেকে ‘প্যাসেঞ্জার’ মনে হয়েছে তাঁর।
এই শারীরিক-মানসিক অবস্থা নিয়ে খেলা, অন্য একজন ক্রিকেটারের জায়গা নষ্ট করা ‘দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি’ করা হবে বলে মনে হয়েছে সাকিবের। বিসিবি সভাপতির সঙ্গে আলাপে অবশ্য ওয়ানডে সিরিজে না খেলে টেস্ট সিরিজে খেলার সম্ভাব্য বিকল্প প্রস্তাব দিয়ে রেখেছিলেন বলেও জানিয়েছেন।
০৬ মার্চ: নাজমুল জানেন না যে সাকিব যাবেন না
বিমানবন্দরে সাকিবের ঘোষণা শুনে যেন আকাশ থেকে পড়লেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। দক্ষিণ আফ্রিকায় দুই সিরিজেই সাকিব খেলবেন, তাঁর সঙ্গে এমন কথা হয়েছে জানিয়ে প্রথম আলোকে বিসিবি সভাপতি বলেন, ‘আমার সঙ্গে ওর সর্বশেষ কথা হয়েছে চট্টগ্রামে। সেখানে সে বলেছে খেলবে। আমি এটাই জানি।’
০৭ মার্চ: নাজমুলের হুঁশিয়ারি
দলের সিনিয়র ক্রিকেটারদের এভাবে খামখেয়ালিতে এমনিতেই বিরক্ত বিসিবি, সাকিবের ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করেছে। আগের দিন বিমানবন্দরে সাকিবের কথার প্রেক্ষিতে নিজের বাসভবনে সাংবাদিকদের নাজমুল বললেন, এভাবে চলতে থাকলে বিসিবি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, যা ক্রিকেটারদের পছন্দ হবে না।
০৮ মার্চ: খালেদ মাহমুদের ক্ষোভ
বিসিবি প্রধানের পর সাকিবের মন্তব্যের জেরে ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদও। তাঁর পাল্টা যুক্তি, শারীরিক-মানসিক ক্লান্তিকে কারণ দেখিয়ে বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকায় যেতে না চাওয়া সাকিব আইপিএলে দল পেলে তো ঠিকই খেলতেন!
বিসিবির চুক্তির অধীন সাকিবকে খেলা নিয়ে অনুরোধ করার কিছু নেই জানিয়ে মাহমুদ বললেন, ‘ও তো আমাদের চুক্তিতে আছে। ও আমাদের কর্মী। এখানে অনুরোধের কিছু নেই। পাপন ভাই (নাজমুল হাসান) তো তা–ও ভালো, অনুরোধ করে বলতে গেলেন। তিনি আদেশ করতে পারেন যে তোমাকে খেলতে হবে, কারণ তুমি চুক্তিতে আছ।’
০৯ মার্চ: সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি
সাকিব ছুটি চেয়েছেন, অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত তাঁকে তা-ই দিয়েছে বিসিবি। তার মানে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট কিংবা ওয়ানডে কোনো সংস্করণেই খেলা হতো না সাকিবের। এখানেও অবশ্য একটু ধোঁয়াশা থেকে গেছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার কথা ১২ এপ্রিল, কিন্তু সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্তই ছুটি দিয়ে রাখে বিসিবি! এ সময়ে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটেই সাকিবের খেলায় উপায় আর থাকত না।
১২ মার্চ: তিন দিন পর ১৮০ ডিগ্রি বদল
সাকিব দুবাই থেকে ফিরলেন। দুবাইয়ে থাকার সময়ে যেমন, তেমনি দেশে ফেরার পরও নাজমুল হাসানের সঙ্গে তাঁর আলাপ হয়েছে। এরপর আজ বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেছেন নাজমুল-সাকিব। সভা শেষে সিদ্ধান্ত, বিশ্রাম বাতিল, দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব। তিন ভাগে ভাগ হয়ে দল আগেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেওয়ায় সাকিব এখন আলাদা করে রওনা দেবেন আগামীকাল।