তিনি প্রস্তুত

প্রায় ১৭ বছর ধরে তাঁদের জানাশোনা। প্রশ্নটা যখন মাইকেল ক্লার্কের ফিটনেস নিয়ে, তখন ডানকান কেরের চেয়ে বেশি বলতে পারবেন কমজনই। ক্লার্কের ফিরে আসা অনেকটাই নির্ভর করছে নিউ সাউথ ওয়েলসের এই প্যারামেডিকের ওপর। আর তিনি বলছেন, ক্লার্ক ফিরবেন নির্ধারিত সময়ের আগেই, ‘অনুশীলনের দৃষ্টিকোণ থেকে মাইকেলকে যা করতে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও তাকে যে কর্মসূচি দিয়েছে, আমি তাকে যা করতে বলেছি, সে এর সবকিছুই করেছে। সে সময়সূচি থেকে এগিয়েই আছে।’
কেরের কথা সত্য প্রমাণ করেই যেন বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আজ খেলতে নামবেন ক্লার্ক। যদিও ব্যাটিং আর হালকা ফিল্ডিংয়ের বেশি কিছু করবেন না। তবে এই ফিরে আসাটা সহজ ছিল না মোটেও। অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে পড়া ক্লার্ককে প্রায় পৌনে তিন ঘণ্টার এক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো হয়তো সুইমিংপুলে নামতে হয়েছে তীব্র ঠান্ডার মধ্যেই। ঘরের মাঠের বিশ্বকাপে ক্লার্ক দলকে নেতৃত্ব দিতে উন্মুখ হয়ে আছেন বলেও জানিয়েছেন কের, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়ার হয়ে আবার খেলতে নামার কথা ভেবে সে রোমাঞ্চিত। বিশ্বকাপে নিজের দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কেই-বা হারাতে চায় বলুন? আর বিশ্বকাপের পর সে ওয়েস্ট ইন্ডিজেও যেতে পারবে, তারপর অ্যাশেজেও। অ্যাশেজই হলো চূড়ান্ত লক্ষ্য।’
স্মিথের অধীনে খেলতে আপত্তি নেই বলে জানিয়েছেন ক্লার্ক। তবে ট্রেনার থেকে শুরু করে কোচ, সবারই চাওয়া, ক্লার্ক ফিরে আসুন সময়ের আগেই। নেতৃত্ব দিন বিশ্বকাপে। গোটা অস্ট্রেলিয়ারই হয়তো চাওয়া, এমসিজিতে ক্লার্কের হাতে উঠুক বিশ্বকাপ ট্রফিটা! এএফপি।