তিনি ভাসিয়েছিলেন, তিনিই ডোবালেন

>
- প্রাইম দোলেশ্বরকে ১ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক
- শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল প্রাইম ব্যাংকের
- দোলেশ্বরের বোলার মামুন দুই ছক্কা দেন, সঙ্গে দুটি ‘নো বল’
আবাহনীর বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল অগ্রণী ব্যাংকের। এ অবস্থায় মাশরাফি বোলিংয়ে এসে চার বলে চার উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেন অগ্রণীকে। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক লড়াইয়ে ঠিক সে রকম কিছু না হলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মামুন হোসেন। আবার দলের হারে তাঁর ভূমিকাও কম নয়!
দোলেশ্বরের এ বোলার শেষ ওভারে ২ উইকেট নিলেও টান টান উত্তেজনার এ ম্যাচটা ২ বল হাতে রেখে ১ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংকই। ২৮৬ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল প্রাইম ব্যাংকের। মামুন এখান থেকে ম্যাচের পাল্লাটা নিজেদের দিকে ভারী করার পর ছেড়েও দিয়েছেন! প্রথম তিন বলে এক ছক্কা দিলেও নিয়েছেন ২ উইকেট। কিন্তু পরের তিনটি ডেলিভারির মধ্যে প্রথমটি থেকে দিয়েছেন ২ রান, এরপর টানা দুটি ‘অবৈধ’ (নো-বল) ডেলিভারি থেকে এসেছে ৮ রান—প্রথমটি থেকে ছক্কাসহ ১ রান ও পরেরটিতে শুধু ‘নো-বল’ থেকে ১ রান। দলের ডুবো ডুবো আশা তিনি ভাসিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনিই ডোবালেন।
মামুনের প্রথম বলেই ফিরে যান মনির হোসেন। পরের বলে ছক্কা মেরে দলকে জয়ের পথে রাখেন সাজ্জাদুল হক। কিন্তু তৃতীয় বলে সাজ্জাদুলকেও তুলে নেন মামুন। অর্থাৎ জয়ের জন্য শেষ তিন বলে ১০ রান দরকার ছিল প্রাইম ব্যাংকের। প্রথম বলে ২ রান নেন শরিফুল আলম। সমীকরণটা নেমে আসে শেষ দুই বলে ৮ রানের দূরত্বে। এখান থেকে মামুনের দুঃস্বপ্নের শুরু। তাঁর পঞ্চম ডেলিভারিটি একে তো ‘নো-বল’ তার ওপর ছক্কা মেরে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দেন শরিফুল ইসলাম। এই দুঃখ থেকেই মামুন পরের ডেলিভারিটাও করলেন ‘নো বল’!
তবে এর আগ পর্যন্ত দোলেশ্বর কিন্তু ম্যাচ থেকে একবারের জন্যও ছিটকে পড়েনি। আগে ব্যাটিংয়ে নেমে মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে (১৩৫) ৫ উইকেটে ২৮৬ রানের স্কোর পায় দোলেশ্বর। জবাবে ২৬,৩ ওভারেই ১৬৭ রান তোলেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার মেহেদী মারুফ ও মেহরাব হোসেন জুনিয়র। মেহেদী মারুফ ৮২ রানে আউট হলেও অন্য প্রান্তে ১০২ রানের ইনিংস খেলেন মেহরাব। এরপর অবশ্য মিডলঅর্ডারে সাজ্জাদুল (৫১) ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। শেষ ওভারে মামুনের ওই দুই ‘নো বল’ দোলেশ্বরকে পোড়াবে অনেক দিন।