শুরুর দিকে একটা লম্বা সময় ওয়ানডেতে তিন নম্বরেই ব্যাট করেছেন বিরাট কোহলি। আবার দীর্ঘ অভিজ্ঞতা আছে চারেও ব্যাট করার। ত্রিদেশীয় এই সিরিজেও চারেই ব্যাট করছেন কোহলি। ক্যারিয়ার পরিসংখ্যান বলে তিনের চেয়ে চার নম্বরেই তিনি বেশি সফল। তিন নম্বরে তাঁর ব্যাটিং-গড় ৫১.৯৭, চারে ৬১.৪৬। তার পরও বিশ্বকাপে ভারতকে সাফল্য পেতে হলে কোহলির তিন নম্বরে ব্যাট করা উচিত হবে বলে মনে করেন ইয়ান চ্যাপেল। ইএসপিএনক্রিকইনফোতে লেখা কলামে নিজের মতের পক্ষে যুক্তিও দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘ভারত যদি শুরুটা ভালো করতে চায় তাহলে কোহলিকে তিনে ফিরিয়ে আনা উচিত। রোহিত শর্মা আর কোহলি টপ অর্ডারে জ্বলে উঠলে ভারতের কাজ সহজ হয়ে যাবে। আর এতে তারা নতুন বল ও বাউন্সের বিপক্ষেও দলের সেরা দুজন ব্যাটসম্যানকে পাবে।’ বোলিংটা একেবারেই সাদামাটা বলে ব্যাট হাতে ভারতীয় ব্যাটসম্যানদের দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে বলেও মনে করেন চ্যাপেল। ক্রিকইনফো।