তিনে চাই মুমিনুলকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

প্রথম একাদশ কি খুঁজে পেল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট? বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে প্রশ্নটা করতে হচ্ছে একাদশ নিয়ে গবেষণার কারণে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের আগেই পূর্ণাঙ্গ একাদশ ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। সেটা যে হয়নি, তা বুঝলাম এ ম্যাচেও আট ব্যাটসম্যানকে খেলানো দেখে। অযথা ব্যাটিং অর্ডার লম্বা না করে আমাদের সাত ব্যাটসম্যানেই সীমাবদ্ধ থাকা উচিত। বরং বোলিংটাকে সমৃদ্ধ করলে ভালো হবে।
আজকের ম্যাচে ৩ নম্বরে মুমিনুলের জায়গায় সৌম্যকে খেলানোর আলোচনা শুনেছি। আমার মনে হয় মুমিনুলের ওপরই ভরসা রাখা উচিত। সৌম্য হয়তো ভালো ফর্মে আছে, কিন্তু চার মাস আগেও সে জানত না যে তার বিশ্বকাপে খেলা হবে। সেদিক দিয়ে সৌম্যের তুলনায় মুমিনুলের মানসিক প্রস্তুতিটা ভালো। তা ছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া খেলাগুলো দেখে মনে হচ্ছে ওই কন্ডিশনে বাউন্সারের ওপর চড়ে খেলতে হবে। মুমিনুলের সে সামর্থ্য আছে। আমি তাকে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে একাডেমি দলের হয়ে খেলতে দেখেছি। ওই কন্ডিশনে সেবার সেরা ব্যাটসম্যান ছিল সে। আমাদের ব্যাটিং অর্ডারের ৩ নম্বর জায়গায় মুমিনুলের মাধ্যমে ভালো একটা ধারাবাহিকতার শুরু হয়েছে। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে আমরা যেন সেটা নষ্ট না করি।
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে কোয়ার্টার ফাইনালে। তবে আমাদের মধ্যে ‘নকআউট’ ম্যাচের আমেজ চলে আসবে আজ আফগানিস্তানের বিপক্ষেই। বলছি না যে এ ম্যাচে হারলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তবে আফগানিস্তান ম্যাচের ফলাফল বাকি ম্যাচগুলোতে আমাদের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলবেই। পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাসী থাকার জন্য আফগানিস্তানকে হারানোটা জরুরি। এ ছাড়া বাকি ম্যাচগুলোর জন্য কিছু কাজও গুছিয়ে রাখা যেতে পারে এই ম্যাচে। পাওয়ার প্লের বোলিং-ব্যাটিং নিয়ে যদি কোনো পরীক্ষার ব্যাপার থাকে বা বোলার পরিবর্তনের ক্ষেত্রে কিছু দেখার থাকে, আফগানিস্তানের বিপক্ষেই সেই সুযোগ বেশি।
আর একটা ব্যাপার বলে রাখি, মানুকা ওভাল অনেক বড় বলে আমাদের স্পিনারদের যেমন সুবিধা হবে, ফিল্ডারদের জন্য বল তাড়া করাটাও হয়ে দাঁড়াতে পারে চ্যালেঞ্জ। এদিক দিয়ে অবশ্য আমি আফগানিস্তানকে নিয়ে অত বেশি চিন্তিত নই। বরং ওদের যা ফিটনেস, তাতে ফিল্ডিংয়ে দলটা আমাদের চেয়ে অনেক পিছিয়ে থাকবে বলেই মনে হয়।
এবার একটা বিষয় লক্ষণীয়, কোনো কোনো ম্যাচে দেখছি বড় দলগুলো শুরুতে ধাক্কা খেলেও পরে ইনিংস মেরামতের দিকে দৃষ্টি দিচ্ছে। পরের দিকে বাউন্স ভালো হয়ে যায় বলে সেটা তারা পারছেও। আমাদের ব্যাটসম্যানদের এই দিকটাতে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন শুরুর দিকে উইকেট না পড়ে। কারণ, অন্য দলের মতো আমাদের লোয়ার, মিডল অর্ডার বা লেজের দিকে সে রকম ব্যাটসম্যান নেই যে পরের দিকে ইনিংসটা ধরতে পারবে। নাসির বা সাব্বিরের একজন হয়তো খেলবে, কিন্তু তাদের ওপর এখনই অতটা নির্ভর না করা ভালো। আমি মনে করি, আমাদের ১ থেকে ৫ নম্বর ব্যাটসম্যানদেরই উচিত হবে ইনিংসটা গড়ে দিয়ে আসা। শেষ ১৫-২০ ওভারে রান তুলব, এই অপেক্ষায় না থেকে শুরু থেকেই রানের চাকাটা সচল রাখতে হবে।