তিনে তিন ইউনিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিস খানের আরেকটি রানপ্রসবা শট। দুবাইয়ে জোড়া সেঞ্চুরির পর পাকিস্তানি এই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন আবুধাবি টেস্টের প্রথম ইনিংসেও l এএফপি
ইউনিস খানের আরেকটি রানপ্রসবা শট। দুবাইয়ে জোড়া সেঞ্চুরির পর পাকিস্তানি এই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন আবুধাবি টেস্টের প্রথম ইনিংসেও l এএফপি

চেষ্টার কমতি ছিল না মাইকেল ক্লার্কের। পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট করতে কী না করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক! ফিল্ডিং সাজাতে গিয়ে তো প্রায় বিপ্লবই ঘটালেন। বোলারের প্রায় পেছনে ফিল্ডার, মরিয়া ক্লার্কের সৌজন্যেই অনেক দিন পর দেখল ক্রিকেট। ব্যাটসম্যান আজহার আলী আপত্তি জানালেও সেটা ধোপে টেকেনি।
কিন্তু এত কিছু করেও দিন শেষে হতাশাই সঙ্গী ক্লার্কের। মরুভূমিতে মাথা কুটেই মরেছেন তাঁর বোলাররা। সারা দিনে শিকার বলতে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের উইকেট দুটি। উল্টো দিকে পাকিস্তানি ব্যাটসম্যানরা উইকেটটাকে মরূদ্যান বানিয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন। ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুবাস পাওয়া দলটি আবুধাবি টেস্টের প্রথম দিনে তুলেছে ৩০৪ রান। সিরিজে টানা তৃতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ইউনিস খান। অবিচ্ছিন্ন ২০৮ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী আজহার আলীও পেয়েছেন তিন অঙ্কের রান।
১০১ রানে অপরাজিত আজহার উইকেটে এসেছিলেন দলীয় ৫৭ রানে আহমেদ শেহজাদের বিদায়ের পর ১৯তম ওভারে। ইউনিস ক্রিজে এসেছেন আরও ১৬ ওভার পর। তবে ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পেয়ে গেছেন আজহারের সেঞ্চুরির ৯ ওভারে আগেই।
গত মাসে সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর রাগে-ক্ষোভে টেস্টেও তাঁকে বিবেচনা না করার জন্য অনুরোধ করেছিলেন ইউনিস। ভাগ্যিস, নির্বাচকেরা কান দেননি তাঁর কথায়। অভিমান ভুলে দলে ফেরা সেই ইউনিসই এখন একের পর এক যন্ত্রণাদায়ক ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়াকে। যে দলটির বিপক্ষে টেস্টে কোনো সেঞ্চুরি ছিল না, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিন ইনিংসে তিন সেঞ্চুরি! দুবাইয়ে জোড়া সেঞ্চুরি করে ৪০ বছর আগের গ্লেন টার্নারকে মনে করিয়ে দেওয়া ইউনিস এবার মনে করিয়ে দিলেন হার্বার্ট সাটক্লিফকে। প্রায় ৯০ বছর আগে এই ইংলিশ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।
বোলার গ্লেন ম্যাক্সওয়েলের মাথার ওপর দিয়ে চার মেরে সেঞ্চুরি ছুঁয়েছেন ইউনিস। পঞ্চাশ পেরোনোর পরই বেশি আগ্রাসী হয়ে ওঠে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাট। ৭৪ বলে ফিফটি, পরের ৫০ এসেছে ৫৪ বলে। এর মধ্যে একবার দৌড়েই ৪ রান নিয়েছেন ইউনিস। সঙ্গী আজহারের ব্যাট সেই তুলনায় ছিল চুপচাপ, ষষ্ঠ সেঞ্চুরিটা ছুঁতে ২২৩ বল খেলেছেন আজহার। তাঁর সেঞ্চুরি ছোঁয়ার এক বল পরেই পর্দা পড়ে দিনের খেলার। টেন ক্রিকেট, ক্রিকইনফো।
পাকিস্তানের পক্ষে টানা ৩ ইনিংসে সেঞ্চুরি
বিপক্ষ সাল
(২১৫, ১৮৬, ১৬৮) জহির আব্বাস ভারত ১৯৮২-৮৩
(২৩১, ১৫২*, ১৫২) মুদাসসর নজর ভারত ১৯৮৩
(১৯১, ১০২, ১২৪) মোহাম্মদ ইউসুফ ওয়েস্ট ইন্ডিজ ২০০৬
(১০৬, ১০৩*, ১১১*) ইউনিস খান অস্ট্রেলিয়া ২০১৪