তিনে ব্যাট করাই পছন্দ সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন নম্বরেই ব্যাটিং করতে পছন্দ করেন সাকিব। ছবি: এএফপি
তিন নম্বরেই ব্যাটিং করতে পছন্দ করেন সাকিব। ছবি: এএফপি

জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই তাঁর প্রিয় তিন নম্বর ব্যাটিং পজিশনটা ছেড়ে দিতে হয়েছে সাব্বির রহমানের কাছে। সাব্বির অবশ্য তিনে নেমে সাফল্য পাচ্ছেন নিয়মিতই। দলের চাহিদা মেনে সাকিব আল হাসানকে তাই কখনো ব্যাটিং করতে হচ্ছে চার, পাঁচ বা কখনো ছয়ে।

যদিও ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে সাকিবের সাফল্য এসেছে মূলত তিন নম্বরে ব্যাট করেই। বাঁহাতি এই অলরাউন্ডার এ পর্যন্ত খেলেছেন ৫২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর মধ্যে ১৬ ম্যাচে তিনে নেমে ৩৭.০৭ গড়ে সাকিবের রান ৫১৯। ক্যারিয়ারসেরা ৮৪ রানও করেছেন এই পজিশনে নেমেই (পাকিস্তানের বিপক্ষে, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে)।
চার, পাঁচ ও ছয়ে নেমে বাকি ৩৬ ম্যাচে ১৮.৬৬ গড়ে তাঁর রান ৫৬০। এই পরিসংখ্যানে বোঝা যাচ্ছে, তিন নম্বরে ব্যাটিং কতটা উপভোগ করেন সাকিব।
সময় ও পরিস্থিতির দাবি মেনে সাকিবকে এখন নামতে হচ্ছে খানিকটা পরে। অবশ্য এশিয়া কাপ ফাইনাল থেকে ব্যাটিং পজিশনে কিছু ‘উন্নতি’ হয়েছে, নামছেন চারে। সর্বশেষ ৬ ম্যাচে চারে নেমে সাকিবের রান ৪২ গড়ে ১২৬। ব্যাটিংয়ে ছন্দে ফেরা সাকিব তিন নম্বরে খেলার ব্যাপারে কী ভাবছেন?
বেঙ্গালুরুতে আজ সংবাদ সম্মেলনে এসে তাঁকে দিতে হলো এই প্রশ্নের উত্তর।
বাঁহাতি অলরাউন্ডারের কাছে দলের চাওয়াটাই বড় বলে জানালেন। তাঁর কথা, ‘সবচেয়ে বড় ব্যাপার দল আমার কাছে কী চাইছে। আমাকে যদি কেউ সুযোগ দেয়, তিনেই ব্যাটিং করব।
ম্যাচের পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী যেভাবে করা দরকার সেভাবেই ব্যাটিং করছি। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে, তিনে ব্যাটিং করলে দলের ভালো হবে, তাতেও প্রস্তুত আছি। ব্যক্তিগত মতামত জানতে চাইলে বলব, তিনে ব্যাটিং করাটা পছন্দ করি। যেহেতু দলের প্রয়োজনে খেলছি, টিম ম্যানেজমেন্ট যেখানে খেলাবে সেখানে খেলতেই প্রস্তুত।’

সাকিবের রান

ব্যাটিং পজিশন ম্যাচরানগড়৫০‍+ সর্বোচ্চ
৩ ১৬৫১৯৩৭.০৭৫৮৪
৪, ৫, ৬৩৬৫৬০১৮.৬৬১৫০*