তিনেই ব্যাট করতে চান সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের জাতীয় দলেই নিয়মিত হতে চান
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের জাতীয় দলেই নিয়মিত হতে চান

টি-টোয়েন্টিতে সাধারণত ব্যাটিং অর্ডারের পাঁচ কিংবা ছয় নম্বরটাই তাঁর জায়গা। তবে বাংলাদেশের সর্বশেষ তিনটি টি-টোয়েন্টির দুটিতেই তিন নম্বরে ব্যাট করেছেন সাব্বির রহমান। মোটামুটি সাফল্যও পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তো বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসটাই তিন নম্বরে ব্যাট করা সাব্বিরের (৪৬)। তবে কি তিনেই বেশি স্বচ্ছন্দ সাব্বির?
কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আসা সাব্বিরকে সরাসরি করা হয়েছিল প্রশ্নটা। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের জবাবটা শুনে মনে হলো বর্তমান ব্যাটিং পজিশনটাই বেশি উপভোগ করছেন, ‘আমি এর আগেও টি-টোয়েন্টিতে তিনে ব্যাটিং করে সাফল্য পেয়েছি। আমি চেষ্টা করছি তিনে ভালো ব্যাটিং করার জন্য, পেস বোলিংয়ের মুখোমুখি হওয়ার জন্য। ইনিংসের মাঝপথে স্পিন এলে তখন আবার ফ্রি খেলা যাবে। তিন নম্বরে খেলা নিয়ে এটাই আমার পরিকল্পনা।’
দেশের হয়ে এখন পর্যন্ত মোট চারটি টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করেছেন। ২৯ গড়ে রান ৮৭। এ সংস্করণে যে কয়টি পজিশনে ব্যাটিং করেছেন, তার মধ্যে তিন নম্বরেই তাঁর সবচেয়ে ভালো গড়। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি এই পজিশনে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। ১৬ ম্যাচে সাকিব তিনে নেমে ৩৭.০৭ গড়ে রান করেছেন ৫১৯।
শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে বরিশাল বুলসের হয়ে তিনে ব্যাট করেছেন সাব্বির। প্রথম দিকে নিচে নেমে খুব ভালো করতে পারছিলেন না। পরে তিন নম্বরে উঠে আসার পর তিন ম্যাচে তাঁর রান ১২৯ (৪১, ৭৯ ও ৯)। কোচ চন্ডিকা হাথুরুসিংহে পুরো ব্যাপারটাকে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে দেখার কথা বললেও দলীয় সূত্রে জানা গেছে, এখন থেকে সাব্বিরকে নিয়মিতই তিনে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। তবে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে আপত্তি নেই সাব্বিরের, ‘তিন কিংবা পাঁচ—যেখানেই হোক না আমি সেখানেই ব্যাটিং করতে পারব। এটা দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমি যেকোনো পজিশনে সব সময় খেলার জন্য ফিট ও তৈরি। সব পজিশনে মানিয়ে নিতে পারব বলে আত্মবিশ্বাস আছে।’
এই আত্মবিশ্বাসের জোরেই একদিন সীমিত ওভারের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের জার্সিটা গায়ে তুলতে চান সাব্বির, ‘একজন খেলোয়াড়কে সব জায়গায় খেলতে হবে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই তাকে খেলতে হবে। তাহলেই সে পরিপূর্ণ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি এখন খেলছি। আশা করছি, টেস্ট দলেও দ্রুত ঢুকে পড়ব। বাংলাদেশের হয়ে তিনটি ফরম্যাটেই খেলতে চাই।’
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা আছে তাঁর ৪৬ রানের ইনিংসটির। তবে খুব কাছে গিয়েও টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি পাননি বলে কি আফসোস হচ্ছে? সাব্বির হাসলেন, ‘এমন কোনো আক্ষেপ আমার নেই। হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করব, এটা আমার লক্ষ্য নয়। আমি সব সময়ই চাই দল জিতুক। দলের জয়ে যেন ভালো অবদান রাখতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
এ তো গেল তাঁর ব্যক্তিগত লক্ষ্যের কথা। আর চলমান সিরিজে দলের লক্ষ্য? সাব্বির বললেন সেটিও, ‘সব সময় আমাদের একটাই লক্ষ্য—জয়। বছরের প্রথম ম্যাচটি জিততে পারায় শুরুটা ভালো হয়েছে। এশিয়া কাপের আগে এ সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চারটি ম্যাচই জিততে চাই।’