তিনের সাব্বির

সাব্বির রহমান তিন নম্বরের ব্যাটসম্যান নন।
সাব্বির রহমান তিন নম্বরে ব্যর্থ।
সাব্বির রহমানকে তিন নম্বরে খেলানো ঠিক হচ্ছে না।
কথাগুলো নিশ্চয়ই আপনিও শুনেছেন। ওয়ান ডাউনের সংকট মোচনে গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওপরে তুলে আনা হয় সাব্বিরকে। প্রথম ম্যাচেই ৬৫। কিন্তু তিন নম্বরে যত ম্যাচ খেলতে লাগলেন, প্রশ্ন উঠতে লাগল মাঝেমধ্যেই। সাব্বিরের ব্যাটিংয়ের স্বভাবসুলভ চাঞ্চল্য যে তিন নম্বরের সঙ্গে যায় না! সে কারণেই ওসব আলোচনা, প্রশ্ন। সাব্বির কি আসলে তিন নম্বরের ব্যাটসম্যান?
সাব্বির ছিলেন ছয়-সাতের ব্যাটসম্যান। ছয়-সাতের সঙ্গে তিন নম্বরের মৌলিক পার্থক্য হলো, তিনে আপনাকে বেশির ভাগ সময়ই ধীর-স্থির ব্যাটিং করতে হবে। ওপেনাররা যদি ভালো শুরু এনে দিতে না পারে, দায়িত্বটা বর্তায় ওয়ান ডাউন ব্যাটসম্যানের ওপর। আবার ধরুন ওপেনাররা খুব ভালো শুরু এনে দিয়ে একটা ওয়ানডে ইনিংসের প্রায় অর্ধেক খেলে দিয়েছেন, তিন নম্বর ব্যাটসম্যানের কাজ তখন ওই গতিতেই রানের ব্যাটন নিয়ে ছুটে চলা। ছয়-সাতে ব্যাট করে অভ্যস্ত সাব্বিরের জন্য দ্বিতীয়টি কঠিন কিছু নয়। কিন্তু পরিস্থিতি শুরুতেই নড়বড়ে হয়ে গেলে একটু ধরে খেলার মানসিকতা তাঁর মধ্যে অনুপস্থিত। ছয়-সাতের চপলতা থেকে তিনি বের হয়ে আসতে পারেন কমই।
সে কারণেই আলোচনা, সাব্বিরকে তিনে তুলে এনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঠিক কাজ করছেন কি না। মাঝে তো এ রকমও শোনা গিয়েছিল, ২০১৯ বিশ্বকাপ সামনে রেখেই তাঁকে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন হাথুরুসিংহে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্সের পর কোচও এখন তিন নম্বরের জন্য নতুন বিকল্প খুঁজতে পারেন। সম্ভাব্য পরিস্থিতি অনুমান করা কঠিন নয় সাব্বিরের জন্যও। হয়তো সে কারণেই কাল মিরপুরে নিজের ব্যাটিং পজিশন নিয়ে বলে রাখলেন, ‘আমার পজিশনটা বড় বিষয় নয়। দল আগে। দল যেখানে চাইবে, আমি সেখানেই ভালো খেলার চেষ্টা করি।’
ওয়ানডের তিন নম্বরে নতুন বিকল্প খোঁজার আগে পরিসংখ্যানে চোখ রাখলে অবশ্য একটু চমকেই যেতে হবে। ২০১৫ বিশ্বকাপ থেকে তিন নম্বরে বাংলাদেশের যে ছয়জন ব্যাটিং করেছেন, তাঁদের মধ্যে সাব্বিরের পারফরম্যান্স ওপরের দিকেই। ১৫ ইনিংসে রান করেছেন ৩৭৪, গড় ২৬.৭১। তাঁর চেয়ে বেশি গড় আছে শুধু সৌম্য সরকার (২৯) ও মুশফিকুর রহিমের (২৮)। এর মধ্যে সৌম্য ৬টি ইনিংসে তিনে ব্যাট করলেও মুশফিকের ইনিংস মাত্র একটি। এ সময়ে তিন নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসটাও সাব্বিরের। সেটি ৬৫, যা করেছেন দুবার। অভিষেকে আফগানিস্তানের পর গত মে মাসে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। তিন নম্বর থেকে সাব্বিরকে আবারও ছয়-সাতে পাঠানোর আলোচনায় এই পরিসংখ্যান তাঁর পক্ষে যাওয়ার কথা। আর সাব্বিরও বলেছেন, ‘আমার জাতীয় দলের ক্যারিয়ার তিন বছরের। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন-চারটা ম্যাচে ভালো খেলতে পারিনি। ওই স্মৃতি আমাকে খোঁচা দেয়। কিন্তু তিন-চারটা ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা যায় না।’
সাব্বির তাই মরিয়া হয়ে আছেন একটা ম্যাচ খেলার জন্য। তাতে তিনেই নামুন আর সাতে, লক্ষ্য থাকবে একটাই—রান করা, ‘রান করতে পারিনি, এটাই সমস্যা। যদি রান করতে পারতাম ৫-৬-৭-৮-৯-১০ কোনো বিষয় ছিল না। রানটাই বড় বিষয়। রান করতে পারলে তিন ভালো। রান না করতে পারলে দশও খারাপ।’