তীব্র গরম থেকে 'টেনশনে'র শীতে মাশরাফিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: বিসিবি
ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: বিসিবি
মাশরাফিরা রওনা দেওয়ার আগে অনুশীলন করেছেন তীব্র দাবদাহে। আয়ারল্যান্ডে পৌঁছাতেই টের পেলেন শীতের তীব্রতা। বাংলাদেশের প্রথম কাজ এ শীতের সঙ্গে মানিয়ে নেওয়া

৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করে গেছে বাংলাদেশ দল। ঢাকার তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত, অনুশীলন করতে গিয়ে ঘামতে হয়েছে দরদরিয়ে। ডাবলিনে পা রাখতেই জাপটে ধরেছে তীব্র শীত। এক দিনের মধ্যে ভৌগোলিক অবস্থান বদল তো আবহাওয়াও ভিন্ন।

দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ডাবলিনে আজ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের পৌষ-মাঘেও তো এমন শীত অনুভব হয় না! একদিনের ব্যবধানে দুরকম আবহাওয়ার সঙ্গে পরিচয় হয়ে গেল ক্রিকেটারদের। ঢাকায় তীব্র গরম, ডাবলিনে তীব্র শীত। শুরুতেই তাই বাংলাদেশ দলকে মানিয়ে নিতে হচ্ছে কন্ডিশনের সঙ্গে। এমন কন্ডিশনে বাংলাদেশ নতুন খেলতে গেল, তা ঠিক নয়। দুই বছর আগেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ।

কদিন আগে নিউজিল্যান্ড সফর করেছে। তবে হঠাৎ তীব্র গরম থেকে তীব্র শীতে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে বাংলাদেশকে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক খেলোয়াড় জানালেন, ‘শীত নিয়ে একটু টেনশনেই আছি। আমাদের প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে এ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।’

ব্যাটে-বলে ঝালিয়ে নেওয়ার আগে গা গরম করে নিচ্ছেন ক্রিকেটাররা। ছবি: বিসিবি
ব্যাটে-বলে ঝালিয়ে নেওয়ার আগে গা গরম করে নিচ্ছেন ক্রিকেটাররা। ছবি: বিসিবি

কালকের মতো আজও ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। ডাবলিনের যে মাঠে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি খেলবে, সেটিতে এখনো অনুশীলন করার সুযোগ হয়নি মাশরাফিদের। মূল মাঠে তাঁরা অনুশীলন করবেন ৬ মে থেকে। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। ১৮ মে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে কদিনের বিরতিতে মাশরাফি বিন মুর্তজার অবশ্য দেশে আসার কথা। সেটি হলে অধিনায়ককে ছাড়াই লেস্টারশায়ারে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ।